Advertisement
E-Paper

মেনিনজাইটিস বি ছড়াচ্ছে ব্রিটেনে, মৃত দুই পড়ুয়া, কতটা ভয়াবহ হতে পারে এই রোগ, এ দেশে ভয় আছে কি?

মেনিনজাইটিস বি ছড়াচ্ছে ব্রিটেনে। কতটা ভয়াবহ ব্যাক্টেরিয়ার এই উপরূপ? এ দেশে মেনিনজাইটিসের চিকিৎসা কী?

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:২৪
মেনিনজাইটিস কতটা ভয়াবহ, রোগের লক্ষণ কী কী?

মেনিনজাইটিস কতটা ভয়াবহ, রোগের লক্ষণ কী কী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাম নিয়ে উদ্বেগ বিশ্ব জুড়ে। এর মধ্যে মেনিনজাইটিসের উৎপাত শুরু হয়েছে ব্রিটেনে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মেনিনজাইটিস বি নামে ব্যাক্টেরিয়ার এক নতুন উপরূপ আচমকাই সক্রিয় হয়ে উঠে রোগ ছড়াচ্ছে। মৃত্যু হয়েছে ১৮ ও ২১ বছর বয়সি দুই পড়ুয়ার। সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। মূলত দক্ষিণ-পূর্ব ব্রিটেনেই ছড়াচ্ছে এই রোগ। মেনিনজাইটিস নতুন কোনও অসুখ নয়, ব্যাক্টেরিয়া, ছত্রাক বা ভাইরাসের কারণে রোগটি হতে পারে। খুব দ্রুত সংক্রমণ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা সঠিক সময়ে শুরু না হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু ঘটতে পারে।

মেনিনজাইটিস বি খুব তাড়াতাড়ি এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে ছড়াতে পারে, এমনটাই জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল হেল্‌থ সার্ভিস (এনএইচএস)। নিসেরিয়া মেনিনজাইটিডিস ব্যাক্টেরিয়ার একটি উপরূপ হল মেনিনজাইটিস বি। এর কারণে স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রদাহ শুরু হয়। ফলে রোগীর ঘন ঘন জ্বর আসে, মাথা ঘোরা, বমি,সারা গায়ে র‍্যাশ, তীব্র মাইগ্রেন, ব্রেন ফগ দেখা দিতে পারে। শরীরের ভারসাম্য হারিয়ে যায়। রোগীর খিঁচুনি শুরু হতে পারে। চিন্তাভাবনা গুলিয়ে যায়, এমনকি শ্রবণশক্তিও কমে যেতে পারে।

মেনিনজাইটিস ছোটদের বেশি হয়। এ দেশে রোগটির প্রকোপ মাঝেমধ্যে দেখা দেয়। ব্রিটেনের মতো না হলেও, এ দেশে মেনিনজাইটিসের রোগী যে দেখা যায় না, তা নয়। চিকিৎসক অরুণাংশু তালুকদার জানাচ্ছেন, মস্তিষ্কের ফুলে ওঠা বা সেখানে সংক্রমণ হলে সে রোগকে বলা হয় এনসেফালাইটিস। আর মেনিনজাইটিসের কারণে এমন হলে তাকে মেনিনগো এনসেফালাইটিস বলে। এ দেশে বেশির ভাগই এই রোগে ভোগেন।

মেনিনজাইটিসে জ্বর, খিঁচুনি ছাড়াও আরও দু’-একটি লক্ষণ দেখা যায়— যেমন, ঘাড় শক্ত হয়ে যাওয়া। এ দেশে মেনিনগোকক্কাল ব্যাক্টেরিয়ার সংক্রমণই দেখা গিয়েছে এখনও অবধি। সদ্যোজাত ও পাঁচ বছরের নীচে শিশুরাই আক্রান্ত হয়েছে বেশি। এই ব্যাক্টেরিয়ার কারণে আবার শ্বাসনালিতেও প্রদাহ হয়। অনেক সময়ে সেপ্টিসেমিয়াও হতে দেখা যায়। এতে রক্তে বিষক্রিয়া হয়ে যায়, যা সারা শরীরে ছড়িয়ে পড়ে। ফলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়।

মেনিনজাইটিস এ, সি, ওয়াই ও ডবলিউ-১৩৫ প্রতিরোধ করার টিকা থাকলেও মেনিনজাইটিস বি প্রতিরোধ করার টিকা এ দেশে নেই। কিন্তু এটিই সবচেয়ে সংক্রামক প্রজাতি। পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আগে জানিয়েছিল, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথ ভাবে এই টিকা তৈরির কাজ শুরু হবে। এ দেশে মেনিনজাইটিস ধরা পড়লে তার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল ওষুধ আছে। মেনিনজাইটিস নির্ণয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি পরীক্ষা হল এমআরআই অথবা সিটি স্ক্যান। রোগ ধরা পড়লে তার ধরন বুঝে শিরায় অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়। অনেক সময়ে মস্তিষ্কের প্রদাহ কমাতে স্টেরয়েডও ব্যবহার করেন চিকিৎসকেরা।

Meningitis Bacterial Diseases
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy