Advertisement
E-Paper

প্রতি মাসে ঋতুস্রাব হচ্ছে না? অতিরিক্ত শরীরচর্চা করছেন নাকি?

অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত শরীরচর্চার ফলে ঋতুচক্রের উপর প্রভাব পরে। অনিয়মিত ঋতুস্রাবের এই অসুখের নাম ‘আমেনোরিয়া’। কেন এমনটা হয়?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৬:২৮
Image of Missed Period.

অতিরিক্ত শরীরচর্চা করার ফলে ঋতুচক্রে পরিবর্তন আসতে পারে। ছবি: সংগৃহীত।

কেউ মেদ কমাতে, কেউ আবার সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করেন। শরীর চাঙ্গা রাখতে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়ম করে শরীরচর্চা করাও জরুরি। কিন্তু অতিরিক্ত ব্যায়ামের আবার ক্ষতিকর দিকও আছে। অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত শরীরচর্চার ফলে ঋতুচক্রের উপর প্রভাব পড়ে। অনিয়মিত ঋতুস্রাবের এই অসুখের নাম ‘আমেনোরিয়া’। শরীর যথেষ্ট বিশ্রাম কিংবা খাবার না পেলে এই সমস্যা হয়।

চিকিৎসকদের বক্তব্য, শরীরের উপরে অতিরিক্ত চাপ পড়লে কর্মক্ষমতা কমে যায়। একই প্রভাব ফেলে খাদ্যের অভাবও। তখন কাজের জন্য শক্তি সঞ্চয় করতে চায় শরীর। তাতে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। আর কমে যায় স্ত্রী হরমোন উৎপাদনের হারও। আর এই সবের প্রভাব পড়ে ঋতুচক্রের উপর। ফলে যে ঋতুস্রাব প্রতি মাসে হওয়ার কথা, তা হয় দু’মাস, তিন মাস অন্তর। তবে সব ধরনের শরীরচর্চায় এমনটা হয় না। খুব ভারী শরীরচর্চা ও কড়া ডায়েটের কারণে এমনটা হতে পারে।

অনেকের ক্ষেত্রেই আবার ভারী শরীরচর্চা করলে ঋতুস্রাবের সময় রক্তপাত স্বাভাবিকের তুলনায় কম হয়। এর কারণ হতে পারে ওজন হ্রাস। শরীরে মেদ থাকলে ইসট্রোজেন হরমোনের উৎপাদনের হার বেশি হয়। এই হরমোন ঋতুস্রাবের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই হঠাৎ ওজন কমলে ঋতুস্রাবের সময় হালকা রক্তপাত হতে পারে।

অনেক মহিলার আপাত ভাবে আনন্দও হতে পারে এই ব্যবস্থার কথা জেনে। মাসে মাসে ঋতুস্রাবের ঝঞ্ঝাট তো সামলাতে হবে না। কিন্তু নিয়মিত এমন চললে তা মোটেই শরীরের পক্ষে ভাল নয়। হাড়ের স্বাস্থ্য নির্ভর করে ইসট্রোজেন হরমোনের উপরে। ঋতুচক্র অনিয়মিত হলে ইসট্রোজেনও কম তৈরি হয় শরীরে। তার ফলে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে।

Image of exercise

ঋতুচক্র অনিয়মিত হওয়া শরীরের পক্ষে খারাপ। ছবি: সংগৃহীত।

তবে ‘আমেনোরিয়া’ এক বার হলে যে সারা জীবন এমন চলবে, তা নয়। খাদ্যাভ্যাস বদলালে এবং ব্যায়ামের সময় কমালে অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলা যায় এই সমস্যা। চিকিৎসকদের মতে, ঋতুস্রাব চলাকালীন হালকা ব্যায়াম কিংবা যোগাসন করলে কিন্তু ঋতুস্রাবকালীন যন্ত্রণা খেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে খুব বেশি ভারী শরীরচর্চা এ সময়ে না করাই শ্রেয়।

শরীরচর্চা করেও কী ভাবে স্বাভাবিক রাখবেন ঋতুচক্র?

১) সপ্তাহে সাত দিন শরীরচর্চা না করাই ভাল। অন্তত এক দিন বিশ্রাম নিন। পর্যাপ্ত বিশ্রাম না পেলে ঋতুচক্রের উপর প্রভাব পড়বেই।

২) জিমে ভারী শরীর চর্চার পাশাপাশি লো ক্যালরি ডায়েট করছেন? এই ভুলেও কিন্তু ঋতুচক্র অনিয়মিত হয়ে পড়ে। ভারী শরীরচর্চা করলে কিন্তু ডায়েটে ক্যালরির মাত্রার সঠিক ভারসাম্য রাখা ভীষণ জরুরি।

৩) খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার বেশি করে রাখুন। বাইরের খাবার নয়, ঘরের খাবার বেশি করে খান।

Health Care Tips Periods Excercise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy