Advertisement
E-Paper

গরম পড়তেই সিক্ত টিস্যু দিয়ে মুখ মোছার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে! এতে কোন রোগের ঝুঁকি বাড়ছে জানেন?

কেবল প্রাপ্তবয়স্ককদের জন্য নয়, শিশুর ত্বকের যত্নেও ভেজা টিস্যু এখন অনেকেরই দৈনন্দিন সঙ্গী। কিন্তু এই ‘ওয়েট ওয়াইপ্‌স’ কি আদতে ত্বকের পক্ষে ভাল, না কি অজান্তেই ক্ষতি করছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:১২
‘ওয়েট ওয়াইপ্‌স’ কী ভাবে ত্বকের ক্ষতি করছে?

‘ওয়েট ওয়াইপ্‌স’ কী ভাবে ত্বকের ক্ষতি করছে? ছবি: সংগৃহীত।

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রসাধনীর ব্যবহারও বদলাতে থাকে। যেমন, ভ্যাপসা গরম পড়তেই মুখে ভেজা টিস্যু ব্যবহারের প্রবণতা বাড়ছে। প্রবল রোদের তাপে সুগন্ধি, সিক্ত টিস্যু দিয়ে মুখ মুছলে ত্বকের আরাম হয়। পাশাপাশি ঘাম, ধুলোময়লা, ব্যাক্টেরিয়া ইত্যাদি তুলে ফেলা যায় সহজে। কিন্তু এই ‘ওয়েট ওয়াইপ’ কি আদতে ত্বকের পক্ষে ভাল, না কি অজান্তেই ক্ষতি করছে?

কেবল প্রাপ্তবয়স্ককদের জন্য নয়, শিশুর ত্বকের যত্নেও ভেজা টিস্যু এখন অনেকেরই দৈনন্দিন সঙ্গী। রোদ বা ধুলোর মধ্যে বাইরে থাকলে বা ময়লা পরিষ্কার করতে হলে, এই সুবিধাজনক জিনিসটি ব্যবহার করা হয়। কিন্তু চর্মরোগ চিকিৎসকেরা সতর্ক করছেন, বিশেষ করে নবজাতক এবং যাঁদের অ্যালার্জির প্রবণতা আছে, তাঁদের ক্ষেত্রে এই ‘ওয়াইপ’গুলি ব্যবহারে বাড়তি সাবধানতা জরুরি।

শিশুর ত্বকের যত্নেও ভেজা টিস্যু এখন অনেকেরই দৈনন্দিন সঙ্গী।

শিশুর ত্বকের যত্নেও ভেজা টিস্যু এখন অনেকেরই দৈনন্দিন সঙ্গী। ছবি: সংগৃহীত

‘ওয়েট ওয়াইপ’ থেকে কী কী ক্ষতি হতে পারে?

Advertisement

· বার বার ‘ওয়েট ওয়াইপ’ দিয়ে মুখ মুছলে ত্বকের উপরে জমে থাকা ময়লা উঠে যাবে ঠিকই, কিন্তু ত্বকের প্রাকৃতিক তেল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।

· ঘন ঘন সিক্ত টিস্যু ব্যবহার করলে ত্বক শুষ্কতা ও রুক্ষতার সমস্যায় ভুগবে। এর থেকে ত্বকে লালচে ভাব বা জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে।

· ফলিকিউলাইটিসের সমস্যা বাড়তে পারে এই অভ্যাসের ফলে। সিক্ত টিস্যু বেশি ব্যবহার করার ফলে রোপকূপ বন্ধ হয়ে সেখানে ব্যাক্টেরিয়ার বাড়বৃদ্ধি শুরু হয়। এর ফলে সংক্রমণ হতে পারে ত্বকে। তখন এই রোগে আক্রান্ত হতে পারেন।

· শিশুর ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর এবং পাতলা হয়। ফলে, বাইরের কোনও রাসায়নিক উপাদান সহজেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, শিশুর ত্বকের বাইরের স্তর পুরোপুরি তৈরি হওয়ার আগে এই ধরনের টিস্যু ব্যবহার করলে অ্যালার্জি বা জ্বালা ভাব হওয়ার ঝুঁকি বেশি থাকে।

কোন কোন উপাদান থাকলে সেই ওয়েট ওয়াইপ ব্যবহার করবেন না?

অ্যালকোহল: এর ফলে ত্বকে শুষ্কতা তৈরি হতে পারে। পাশাপাশি, ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুগন্ধি: এই উপাদান শিশুদের মধ্যে অ্যালার্জি তৈরি করতে পারে। তা ছাড়া যে প্রাপ্তবয়স্কদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

রাসায়নিকযুক্ত সংরক্ষণকারী উপাদান: প্যারাবেন বা মিথাইলআইসোথিয়াজ়োলাইনোনের মতো উপাদান ত্বকে অ্যালার্জি সৃষ্টি করে কারও কারও ক্ষেত্রে।

সঠিক পণ্য বেছে নিলে এবং ব্যবহারের নিয়ম মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো যায়। যেমন হাইপোঅ্যালার্জেনিক (যেগুলিতে অ্যালার্জি হওয়ার ঝুঁকি কম), সুগন্ধিহীন এবং অ্যালকোহলমুক্ত ওয়াইপ ব্যবহার করা ভাল। এগুলি তুলনামূলক ভাবে মৃদু এবং ত্বকে তেমন জ্বালার কারণ হয়ে দাঁড়ায় না। তা ছাড়া এগুলি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। এমন জায়গা, যেখানে জলের বা ক্লিনজ়ারের সুবিধা নেই, সেখানে ব্যবহার না করলেই নয়। কিন্তু তা ছাড়া সিক্ত টিস্যু ত্বকে প্রয়োগ না করাই উচিত।

Wet Wipes Skin Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy