কফির উপর পুরু ক্রিমের স্তর! দেখতে খানিক কোভিড কালে জনপ্রিয় হওয়া ডালগোনা কফির মতোই। ভিয়েতনামের এই ‘এগ কফি’-তেই এখন মজেছে নেট দুনিয়া। রিল, ভিডিয়োর ছড়াছড়ি। সেই স্রোতে গা ভাসিয়ে অনেকেই চুমুক দিচ্ছেন সুদৃশ্য এবং সুস্বাদের এই পানীয়ে।
নতুন স্বাদের শরিক হতে গিয়ে অজান্তেই বিপদ ঘটিয়ে ফেলছেন কি? ডিম-কফির উপরে থাকা ক্রিমের মতো আস্তরণ তৈরি হয় কাঁচা ডিম দিয়ে। কুসুম এবং ক্রিম খুব ভাল করে ইলেকট্রিক হুইস্কারে ফেটিয়ে ফেনিল করে কফির উপরে ঢেলে দেওয়া হয়।
পেটের অসুখ: পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা বলছেন, কফিতে ব্যবহৃত কাঁচা ডিম থেকে সালমোনেল্লা নামক ব্যাক্টেরিয়ার আক্রমণের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। এই ব্যাক্টেরিয়া সরাসরি অন্ত্রে আঘাত হানে। তার ফলে পেট ব্যথা, বমি, আন্ত্রিকের মতো অসুখ ছড়ায়। বিশেষত অন্তঃসত্ত্বা মহিলা, শিশু, বয়স্ক বা পেটের অসুখে ভোগেন এমন লোকজনের জন্য তা আরও বিপজ্জনক হতে পারে।
ক্যালোরি: কাঁচা কুসুম দিয়ে তৈরি কফিতে কন্ডেন্সড মিল্ক, ক্রিম, কাঁচা ডিম ব্যবহার হয়। ফলে এতে ক্যালোরির মাত্রাও থাকে অনেকটা বেশি। ডিম উপকারী হলেও কাঁচা ডিম হার্টের রোগীদের জন্য ক্ষতিকর।
হজমের গোলমাল: কাঁচা ডিম হজম করা সহজ নয়। ফলে এই কফি মোটেই হজম সহায়ক নয়। বিশেষত যাঁদের একটুতেই অম্বল, গ্যাস হয়, পেটের সমস্যায় ভেগেন তাঁদের জন্য এই কফি নয়।