ডায়েট করা মানেই পছন্দের সব খাবার থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, এই ধারণা অনেকেরই থাকে। আর এই কারণেই অনেকেই ডায়েট করতে চান না। তবে ডায়েটে থেকেও পছন্দের ভাজাভুজি নির্দ্বিধায় খাওয়া যেতে পারে, সেটা কি জানেন?
বৃষ্টির মরসুমে সন্ধ্যাবেলা শিঙাড়া না হলে কি চলে? ডায়েটের চেষ্টা বৃথা যাবে ভেবে শিঙাড়া না খাওয়ার কিন্তু কোনও কারণ নেই, একটু বুদ্ধি খরচ করলেই শিঙাড়াও হয়ে উঠতে পারে স্বাস্থ্যকর। বৃষ্টির দিনে বানিয়ে ফেলতে পারেন প্রোটিন শিঙাড়া!
কী ভাবে বানাবেন?
একটি কড়াইতে ১ চামচ তেল গরম করে পেঁয়াজ, আদা, কাঁচালঙ্কাকুচি একটু নুন আর হলুদ দিয়ে ভাল করে ভেজে নিন। তার মধ্যে গ্রেট করা গাজর, কড়াইশুঁটি, সেদ্ধ করা সয়াবিনকিমা, ক্যাপসিকামকুচি দিয়ে নাড়াচাড়া করে নিন। এ বার সেই মিশ্রণে সেদ্ধ করা আলু আর গ্রেট করা পনির দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। উপর থেকে লেবুর রস ছড়িয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিঙাড়ার পুর।
আরও পড়ুন:
আটা, ওট্সের গুঁড়ো, বেসন, নুন, জোয়ান ভাল করে মিশিয়ে এক চামচ তেল বা ঘিয়ের ময়াম দিন। এ বার অল্প অল্প করে জল মিশিয়ে আটা মেখে নিন ভাল করে। মণ্ডটি ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন।
মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে বড় করে বেলে নিন। মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিন। এ বার একটিতে পুর ভরে শিঙাড়ার আকার দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১২-১৫ মিনিট রেখে এয়ার ফ্রায়ার করে নিন। মাঝে উল্টে দিতে হবে এক বার। আর ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০-২৫ মিনিট রেখে বেক করে নিতে পারেন। বেকিং আর এয়ার ফ্রাই করার আগে অয়েল ব্রাশ করে নিতে ভুলবেন না।
পুষ্টিবিদের পরামর্শ
কী ভাবে খেলে ডায়েট করে শিঙাড়া খাওয়া যাবে, তার হদিস দিলেন, পুষ্টিবিদ মঞ্জিরা লাহিড়ী। পুষ্টিবিদ বলেন, ‘‘রান্নার পদ্ধতি বদলে নিলেই শিঙাড়া হয়ে যাবে স্বাস্থ্যকর। সেই খাবার আপনি ডায়েটেও খেতে পারেন।’’
১) রাতের খাবারের আগে খেলে ১টি শিঙাড়াই যথেষ্ট।
২) বিকেলের নাস্তা হিসাবে খেলে একটি শিঙাড়া সঙ্গে গ্রিন টি খাওয়া যেতে পারে। শিঙাড়ার স্বাদ বৃদ্ধি করতে সঙ্গে টম্যাটো, দই আর ধনেপাতা দিয়ে তৈরি ডিপের সঙ্গে খেতে পারেন।