Advertisement
E-Paper

ওজন কমাতে ডায়েট করছেন, নামমাত্র তেলেই বানিয়ে ফেলুন মাছের রকমারি পদ, হবে স্বাদু

তেল ছাড়া বা নামমাত্র তেলের রান্না মোটেই খারাপ খেতে হয় না। ডায়েট করা মানে স্বাস্থ্যকর খাওয়া, বিস্বাদ নয়। কী করে অল্প তেলেই রেঁধে ফেলবেন রোজকার মাছ।

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ২০:১৬

ডায়েট করলে তেল-মশলাদার খাবার এড়িয়ে চলতেই বলা হয়। কিন্তু তেল ছাড়া মাছ খেতে সমস্যায় পড়েন অনেকেই। কারণ, মাছ ঠিকমতো না ভাজলে বা সেদ্ধ করলে, আঁশটে গন্ধ রয়ে যায়। অথচ মাছ বাদ দেওয়াও চলে না। কারণ এতে খুব ভাল মানের প্রোটিন মেলে। শিখে নিন মাছ রান্নার তিন কৌশল। নামমাত্র তেলে রান্না করলেও মোটেও আঁশটে গন্ধ থাকবে না।

মাছের মশলা ফ্রাই

নামমাত্র তেলেই হবে মশলাদার মাছ ভাজা।

নামমাত্র তেলেই হবে মশলাদার মাছ ভাজা। ছবি:সংগৃহীত।

মাছের টুকরো নুন-হলুদের পাশাপাশি কিছুটা পাতিলেবুর রস, সামান্য জল ঝরানো টক দই, আদা-রসুন বাটা, অলিভ অয়েল দিয়ে মাখিয়ে রাখুন আধঘণ্টা। রান্নাটি করতে হবে ননস্টিক তাওয়ায় নয়তো এয়ার ফ্রায়ারে। তাওয়ায় নামমাত্র তেল দিয়ে ভাল করে গরম করে নিন। তার পরে মাছ দিন। মশলা-দই একটু তাওয়ায় লেগে যাবে। তবে রান্নাটি হবে। ঢাকা দিয়ে মাছটি হতে দিন। তেলের বদলে সামান্য জলের ছিটে দিতে পারেন। ভাপেই মাছ সেদ্ধ হবে। একপিঠ হয়ে গেলে অন্য পিঠ ভেজে নিন। এয়ার ফ্রায়ারেও এপিঠ-ওপিঠ করে মাছ রান্না করে নিন যত ক্ষণ না মুচমুচে হচ্ছে। মশলা মাখানো থাকে বলে, এই মাছে আঁশটে গন্ধ চট করে পাওয়া যাবে না।

তেল ছাড়া মাছের কালিয়া

নুন-হলুদ এবং সামান্য তেল মাখিয়ে ননস্টিক তাওয়ায় মাছ উল্টে-পাল্টে হালকা ভাজুন। তেল কম থাকলে মাছ কড়াইয়ে লেগে যেতে পারে। সেই কারণে তেল ভাল করে ব্রাশ করে কড়াই তাতিয়ে নিন। মাছ হালকা ভেজে তুলে নিন।

কড়াইয়ে পেঁয়াজ, রসুন, টম্যাটো, কাজুবাদাম দিয়ে জল, নুন দিয়ে সেদ্ধ করে নিন। মিশ্রণটি মিক্সারে ঘুরিয়ে নিন। এবার সেই মিশ্রণ কড়াইয়ে দিয়ে তেল ছাড়াই কষিয়ে নিন। মাছ দিয়ে আঁচ কমিয়ে অল্প জল দিয়ে রান্না করুন। দারুণ খেতে হবে, অথচ তেলের ব্যবহার সেভাবে করতেই হবে না।

তিল-পোস্ত মাছ

জল ঝরানো টক দই, গোলমরিচ, নুন মাখিয়ে মাছ রেখে দিন অন্তত আধ ঘণ্টা। সামান্য একটু তেল ব্রাশ করে বা তেল ছাড়াই ননস্টিক কড়াইয়ে উল্টে-পাল্টে হালকা ভেজে নিন। মাছ মুচমুচে হবে না এই ভাবে। তবে কাঁচা ভাব চলে যাবে। সাদা তিল, পোস্ত নুন-হলুদ, কাঁচালঙ্কা দিয়ে বেটে রাখুন। মিশ্রণটি মাছের সঙ্গে মিনিট খানেক কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ভাপেই রান্না হবে মাছ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy