ধূমপান ক্যানসারের কারণ। তাই নানা সময়ে ধূমপানের কুপ্রভাব নিয়ে নানা সতর্কতার কথা শোনা যায় চিকিৎসকদের মুখে। ধূমপান ডেকে আনতে পারে ফুসফুসের সমস্যাও। এ বার নতুন আশঙ্কার কথাও শোনা গেল বিজ্ঞানীদের গলায়। ছোটবেলায় সিগারেটের ধোঁয়া নাকে ঢুকলে হাঁপানি হতে পারে সন্তানেরও, বলছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের লেখা একটি গবেষণাপত্র।
আরও পড়ুন:
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নালে। ১৯৬৮ সাল থেকে তাসমানিয়ায় শ্বসনতন্ত্রের রোগের উপর একটি সমীক্ষা চলছে। সেই সমীক্ষার তথ্য পর্যালোচনা করেছেন গবেষকরা। দেখা গিয়েছে, যাঁদের পিতা-মাতা ধূমপান করতেন, তাঁদের হাঁপানি বা অ্যাজমায় ভোগার আশঙ্কা প্রায় ৫৯ শতাংশ বেশি।
শুধু নিজের নয়, পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখেও ধূমপান থেকে বিরত থাকা ভাল। প্রতীকী ছবি
গবেষকরা বলছেন, যাঁরা ছোট থেকেই পরোক্ষ-ধূমপানের মধ্যে বড় হয়েছেন, তাঁরা যদি নিজেরাও ধূমপান করেন, তবে আরও বেড়ে যায় এই আশঙ্কা। শৈশবে পরোক্ষ ধূমপান করার পর বড় হয়ে নিজে ধূমপান করলে তাঁর সন্তানদের হাঁপানি হওয়ার আশঙ্কা প্রায় ৭২ শতাংশ বেড়ে যায় বলে মত গবেষকদের। সব মিলিয়ে গবেষকদের পরামর্শ, শুধু নিজের নয়, পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখেও ধূমপান থেকে বিরত থাকা ভাল।