Advertisement
E-Paper

জলপানের ‘থেরাপি’ মেনে চলেন অভিনেত্রী! তিন বেলা তিন ভাবে জল খেয়ে কী ভাবে সুস্থ থাকেন

রোশনি চোপড়া মূলত তিনটি ধাপে ভাগ করে ঘরোয়া পন্থা মেনে চলেন, সকাল, দুপুর আর রাত। এই পুরো প্রক্রিয়াই তৈরি করা হয়েছে হজম ভাল রাখা এবং পেটফাঁপার সমস্যা কমানোর জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৩
জলপানের পন্থায় ছোট বদল আনলেই সুস্থ থাকবে শরীর।

জলপানের পন্থায় ছোট বদল আনলেই সুস্থ থাকবে শরীর। ছবি: সংগৃহীত।

সারা দিন স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, পর্যাপ্ত ঘুম, তবু পেটফাঁপা ও পেটে অস্বস্তির সমস্যায় ভোগেন অনেকেই। সমাধান কি খুব জটিল? মুম্বইয়ের টেলি অভিনেত্রী রোশনি চোপড়ার দাবি, অনেক সময়ে উত্তর লুকিয়ে থাকে একেবারে সহজ জায়গায়। যেমন, জল খাওয়ার নিয়ম বদল। তিনি নিজে জল পানের নিয়মে পরিবর্তন এনে নিজেকে সুস্থ করেছেন। তাঁর সুস্থতার চাবিকাঠি নাকি দিনের ‘ওয়াটার থেরাপি’ রুটিনে লুকিয়ে! এটি কোনও জটিল ডায়েট নয়, বরং জল খাওয়ার একটা সচেতন পদ্ধতি। তাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের এই টোটকা।

রোশনি মূলত তিনটি ধাপে ভাগ করে এই পন্থা মেনে চলেন, সকাল, দুপুর আর রাত। এই পুরো প্রক্রিয়াই তৈরি করা হয়েছে হজম ভাল রাখা এবং পেটফাঁপার সমস্যা কমানোর জন্য।

রোশনি চোপড়ার জলপান

রোশনি চোপড়ার জলপান ছবি: ইনস্টাগ্রাম

সকাল: শুরুটা হয় খালি পেটে এক কাপ উষ্ণ কাড়া দিয়ে। এই মিশ্রণ হজম প্রক্রিয়াকে সক্রিয় করে, প্রদাহ কমাতে সাহায্য করে এবং বিপাকীয় ক্ষমতা বাড়াতে পারে। তার জন্য ২ কাপ জল ফুটিয়ে ১ কাপ পরিমাণে নিয়ে আসতে হবে। তাতে মেশাতে হবে, ১ ইঞ্চি থেঁতো করা আদা, আধ চা চামচ জোয়ান, আধ ইঞ্চি দারচিনি, ১টি থেঁতো করা এলাচ, ২-৩টি গোলমরিচের দানা, ১টি লবঙ্গ আর ১-২টি কেশর। গরম গরম পান করে নিলে গলাতেও আরাম পাবেন।

Advertisement

দুপুর: শরীরের জলশূন্যতা মেটানোর ধাপ বলা যেতে পারে। এক গ্লাস ডাবের জল, সঙ্গে ভেজানো চিয়া বীজ (১ টেবিল চামচ) আর এক চিমটে রক সল্ট— এই মিশ্রণ শরীরে জল ও খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পর্যাপ্ত জল পান হজমের গতি ঠিক রাখে, শরীরে শক্তির জোগান দেয় এবং পেটের অস্বস্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাত: রোশনি সন্ধ্যা ৭টার মধ্যে খাওয়াদাওয়া শেষ করে আর এক বার বিশেষ জল পানের অভ্যাস মেনে চলেন। দেড় কাপ জল ফুটিয়ে এক কাপ পরিমাণে নিয়ে আসতে হবে। তাতে দিতে হবে আধ চা চামচ জোয়ান ও আধ চা চামচ মৌরি। উষ্ণ জল ধীরে ধীরে চুমুক দিয়ে খাওয়া হয়। এতে হজম প্রক্রিয়া শান্ত হয়, গ্যাস বা পেটফাঁপা কমে এবং শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হয়।

চিকিৎসকেরা বলছেন, এই রুটিনে ব্যবহৃত উপাদানগুলির বেশির ভাগই হজমের জন্য সুপরিচিত। যেমন, আদা এনজ়াইম সক্রিয় করতে সাহায্য করে, মৌরি পেটের অস্বস্তি কমায়, জোয়ান হজমের গতি বাড়াতে সহায়ক। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই ধরনের রুটিন সবার শরীরে এক রকম কাজ না-ও করতে পারে। কারণ প্রতিটি শরীর আলাদা, আর সেই অনুযায়ী অভ্যাসও আলাদা হওয়া উচিত।

Water Drinking Tips Hydration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy