Advertisement
E-Paper

পর্যাপ্ত বিশ্রামের পরেও পরিশ্রান্ত লাগে, সর্বক্ষণ ক্লান্তি? শরীর-মন ফুরফুরে হবে সহজ কিছু ব্যায়ামে

ঘুমের আগে ক্লান্তি। ঘুম থেকে উঠেও ক্লান্তি। সারা দিনই যেন জোর করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এমনই চলছে দিনের পর দিন। ক্লান্তি কাটবে কী উপায়ে? সমাধান আছে সহজ কিছু ব্যায়ামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬
সর্বক্ষণ ক্লান্তি, মাথায় ব্যথা ভোগালে সহজ কিছু আসন করে নিন।

সর্বক্ষণ ক্লান্তি, মাথায় ব্যথা ভোগালে সহজ কিছু আসন করে নিন। ছবি: ফ্রিপিক।

ঘুম যেন ছাড়তেই চায় না। বিছানা ছেড়ে উঠতেই মন চায় না। আলস্য কাটিয়ে ওঠাই যাচ্ছে না? দিনভর ক্লান্তি চেপে বসছে? এমন সমস্যার সম্মুখীন হন অনেকেই। নির্দিষ্ট কোনও কারণ নেই। অথচ ঝিমুনি, ক্লান্ত শরীর। ক্লান্তি আসতেই পারে, তবে তা হয় সাময়িক। যদি মাসের পর পর মাস ক্লান্তির ঘোর থেকে বেরিয়ে আসতে না পারেন, তা হলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে। বিভিন্ন কারণেই ক্লান্তি আসতে পারে শরীর ও মনে। পুষ্টির অভাব, রক্তাল্পতা, কম ঘুম, অতিরিক্ত ওজন, মানসিক চাপ— কারণ অনেক। তবে সমাধানের উপায় হতে পারে একটিই। তা হল যোগব্যায়াম। শরীর ও মন সতেজ এবং ফুরফুরে করে তুলতে চাইলে যোগাসনেই তা সম্ভব। কী কী আসন করলে উপকার পাবেন জেনে নিন।

উত্তনাসন

ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। কোমর, পিঠ থাকবে টান টান। স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিন। এ বার কোমর ঝোঁকান। হাঁটু যেন না ভাঙে। দু’হাতের তালু দিয়ে মাটি স্পর্শ করার চেষ্টা করুন। পায়ের দু’টি পাতার দু’পাশে রাখতে পারলে ভাল হয়। একান্ত যদি না পারেন, সে ক্ষেত্রে কনুই ভাঁজ করে দু’টি হাত একসঙ্গে জড়ো করে রাখুন। যতটা সম্ভব হাঁটুর কাছাকাছি নিয়ে যান মাথা। হাত দিয়ে গোড়ালি ছোঁয়ার চেষ্টা করুন। মোটামুটি ১০ সেকেন্ড মতো থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

অধোমুখ শবাসন

প্রথমে হাত ও হাঁটুতে ভর করে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। কোমর ও পিঠ সোজা করে তুলুন। হাতের তালু মাটিতে থাকবে, পিঠ উপরের দিকে তুলতে হবে, পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। দেখতে লাগবে অনেকটা ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো। মাথা যতটা সম্ভব মাটির দিকে ঝুঁকিয়ে গভীর ভাবে শ্বাস টানতে ও ছাড়তে হবে। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

সেতুবন্ধাসন বা ব্রিজ় পোজ়

ম্যাটের উপর টানটান হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করতে হবে। এর পর পিঠ ও কোমরে ভর দিয়ে ধীরে ধীরে কোমর উপরে তুলতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে ওই ভঙ্গিতে ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসতে হবে। মন ভাল রাখার পাশাপাশি মেদ কমাতে, পিঠের ব্যথা নিরাময়েও উপযোগী এই আসন।

Fatigue brain fog Yoga poses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy