Advertisement
E-Paper

বয়সকে তুড়ি মেরে সুস্থ থাকুন, পঞ্চাশ পেরিয়ে কোন কোন টিকা হবে রক্ষাকবচ?

পঞ্চাশের পর পকেট ও শরীর—দুইই বাঁচাতে ভরসা রাখুন টিকায়। প্রতিষেধক শুধু শিশুদের জন্য নয়, বয়সকালের কিছু রোগব্যাধি দূর করার জন্যও টিকা নেওয়া জরুরি। বয়স পঞ্চাশের কোঠা পেরিয়ে গেলে যে যে রোগগুলি হানা দিতে পারে, সেগুলি থেকে বাঁচতে কোন কোন টিকা অবশ্যই নিয়ে রাখবেন, জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৩:৩৮
These Vaccines Recommended for Adults Age 50 and older

বার্ধক্যের রোগব্যাধি থেকে বাঁচুন, কোন কোন টিকা নিয়ে রাখবেন? ফাইল চিত্র।

বদলে যাওয়া সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। বয়স্ক মানুষদের জন্য তা আরও কঠিন হতে পারে। তাই বাড়ির বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ, যাতে তাঁরা সুস্থ, সুখী এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন। বয়সকালের রোগব্যাধি থেকে বাঁচতে আগাম সুরক্ষার ব্যবস্থা করাও জরুরি। সে জন্য প্রয়োজন সময় থাকতে টিকা নিয়ে রাখা। টিকা যে কেবল শৈশবেই নিতে হবে, তা কিন্তু নয়। বয়স্কদের জন্যও রয়েছে নানা রোগ থেকে বাঁচার কিছু জরুরি প্রতিষেধক। বয়স পঞ্চাশ পার হলে কিছু টিকা অবশ্যই নিয়ে রাখা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সমীক্ষা বলছে, পৃথিবীতে নিউমোনিয়ায় সব চেয়ে বেশি আক্রান্ত হন পাঁচ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সের মানুষজন। তাঁদের মধ্যেই এই রোগে মৃত্যুর হার বেশি। এ দেশেও নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হন বয়স্কেরা। এবং তাঁদের মধ্যে ৩০ শতাংশই ‘ইনভেসিভ নিউমোনিয়া’র রোগী। এতে রোগের জীবাণু রক্ত ও দেহরসের মাধ্যমে শরীরে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং রোগীর সেপসিস হয়ে যায়। তাই বয়স পঞ্চাশ পার হলে যে টিকাটি আগে নিয়ে রাখতে হবে, তা হল ফ্লুয়ের টিকা ও নিউমোনিয়ার প্রতিষেধক।

ফ্লু টিকা

এটি আসলে ইনফ্লুয়েঞ্জার টিকা। এই টিকা ০.৫ মিলিলিটার ডোজ়ে প্রতি বছর নিতে হবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যে হেতু বছর বছর তার চরিত্র বদলে ফেলে, তাই এক বার টিকা নিয়ে রাখলে কোনও কাজ হবে না। প্রতি বছরই নিয়ম করে প্রতিষেধক নিতে হবে। খরচ পড়বে ১২০০ থেকে ২০০০ টাকার মধ্যে।

নিউমোনিয়ার টিকা

বয়স্কদের এই টিকা নিয়ে রাখা খুব জরুরি। নিউমোনিয়ার দু’রকম টিকা আছে— নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) এবং নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন (পিপিএসভি)। পিসিভি টিকা শিশু ও বয়স্কদের জন্য। বয়স্কদের যদি হাঁপানি, সিওপিডি বা ফুসফুসের কোনও রোগ থাকে, তা হলে এই টিকা নিতেই হবে। এই টিকা নেওয়ার সম্ভাব্য খরচ ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে।

হারপিস জ়স্টার

ভ্যারিসেলা জ়স্টার নামে এক ভাইরাস হারপিস জ়স্টারের জন্য দায়ী। যদি কারও কোনও সময় জলবসন্ত হয়ে থাকে, তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর এই রোগ দেখা দেওয়ার আশঙ্কাও প্রবল হয়। মূলত ২০ থেকে ৫০ বছর বয়সিদের মধ্যে হার্পিস জ়স্টার দেখা দেয়। তাঁদের মধ্যেও আবার যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাঁরা ক্যানসার, এইচআইভির মতো রোগে ভুগছেন, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। হারপিস জ়স্টার টিকা নিয়ে রাখলে রোগের ঝুঁকি কমবে। সাধারণত ২টি ডোজ়ে এই টিকা নিতে হয়, খরচ পড়বে আনুমানিক ৪ থেকে ৫ হাজার টাকা। তবে ব্র্যান্ড অনুযায়ী ডোজ়ের দাম বদলাতে পারে, সে ক্ষেত্রে ৮ হাজার থেকে ১০ হাজার বা তার বেশিও হতে পারে।

টিড্যাপ টিকা

এটি টিটেনাস (ধনুষ্টঙ্কার), ডিপথেরিয়া এবং হুপিং কাশি থেকে বাঁচাবে। বয়স্করা এই টিকা নিয়ে রাখলে সুরক্ষিত থাকবেন। এর খরচ পড়বে ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে।

হেপাটাইটিস বি-এর প্রতিষেধক

হেপাটইটিস বি-ভাইরাস সরাসরি লিভারকে আক্রমণ করে। ক্রনিক ও অ্যাকিউট— এই দুই ধরনের সংক্রমণ হয়। আক্রান্তের রক্ত-সহ যে কোনও দেহরস থেকে এই ভাইরাস ছড়াতে পারে। অনেকের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত ৬ মাসের ব্যবধানে দু’টি টিকা নিতে হয়। হেপাটাইটিসের বি-এর টিকার তিনটি ডোজ় এক মাস অন্তর নিতে হয়। চতুর্থ টিকা নিতে হয় প্রথম ডোজ়ের ঠিক এক বছর পরে। পাঁচ বছর পরে নিতে হয় বুস্টার ডোজ়। আনুমানিক খরচ পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। তবে ব্র্যান্ড অনু্যায়ী এর কমেও হতে পারে।

Vaccines Influenza pneumonia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy