Advertisement
E-Paper

ত্বকে ছোপ পড়লেই লিভারের সমস্যা! ‘লিভার স্পট’ বলে কি আদৌ কিছু হয়? তাফাত বুঝবেন কী করে?

লিভার খারাপ হলেই ত্বকে তার ছাপ পড়ে, এই ধারণা অনেকেরই থাকে। মুখে কালচে ছোপ পড়লে কিংবা মেচেতার মতো দাগ হলে অনেকেই সেগুলিকে ‘লিভার স্পট’ বলে দাগিয়ে দেন। কিন্তু আদৌ কি লিভার স্পট বলে কিছু হয়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫
‘লিভার স্পট’ আদতে কী?

‘লিভার স্পট’ আদতে কী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লিভার ভাল থাকলে পেট ভাল থাকে, হজম ভাল হয়, ছোটদের শিখিয়ে থাকেন বড়রা। তবে লিভারকে শুধু এইটুকুই ভাবলে ভুল বলা হয়। বিপাকীয় কাজ, শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখা, হজমক্ষমতা ভাল রাখা, পেটের স্বাস্থ্য বজায় রাখা-সহ নানা রকম গুরুত্বপূর্ণ কাজ দিনভর করে চলে ছোট্ট প্রত্যঙ্গটি। তাই লিভার সামান্য একটু বিগড়ে গেলে বা কার্ক্ষমতার এদিক-ওদিক হলে তার প্রভাব পড়ে সামগ্রিক শরীরেই। লিভার খারাপ হলেই ত্বকে তার ছাপ পড়ে, এই ধারণা অনেকেরই থাকে। মুখে কালচে ছোপ পড়লে কিংবা মেচেতার মতো দাগ হলে অনেকেই সেগুলিকে ‘লিভার স্পট’ বলে দাগিয়ে দেন। কিন্তু আদৌ কি লিভার স্পট বলে কিছু হয়?

চিকিৎসক কৌশিক লাহিড়ীর মতে, ‘লিভার স্পট’ বলে কোনও কিছু হয় না। যেগুলিকে সাধারণ মানুষ লিভার স্পট বলে থাকেন, সেগুলি বেশির ভাগ সময়েই বয়সজনিত দাগ বা সোলার লেন্টিজেনিস অর্থাৎ রোদে দীর্ঘ দিন থাকার ফল, লিভারের অসুখের কারণে নয়। চিকিৎসক বলেন, ‘‘অনেকে গালে মেচেতা, ছুলি, শ্বেতি সব কিছুর সঙ্গেই লিভারের যোগ খোঁজেন। বাস্তবে এগুলোর সঙ্গে লিভারের কোনও যোগসূত্র নেই। মুখ, হাত বা বাহুতে যে দাগগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো সাধারণত বয়সজনিত কারণে মেলানিন জমে কিংবা সূর্যের অতিবেগনি রশ্মির কারণে হয়। লিভারের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।’’

লিভারের অসুখ হলে কি ত্বকে তার প্রভাব পড়ে না?

চিকিৎসকের মতে, লিভার ও ত্বকের মধ্যে পরোক্ষ সম্পর্ক আছে, কিন্তু তার ফলে 'লিভার স্পট' তৈরি হয় না। লিভারের রোগ হলে ত্বকে যে উপসর্গগুলি দেখা যেতে পারে, সেগুলি হল,

১) জন্ডিস: এ ক্ষেত্রে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়।

২) স্পাইডার অ্যাঞ্জিয়োমা: এটি লিভারের অসুখের, বিশেষ করে লিভার সিরোসিসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্কেত। এতে মূলত ত্বকের ঠিক নীচে থাকা রক্তনালির সমন্বয় নষ্ট হয়ে যায়। দেখতে হয় অনেকটা মাকড়সার জালের মতো।

৩) পালমার এরিথেমা: দুই হাতের তালুতে লালচে ছোপ ফুটে উঠবে। তাতে কোনও জ্বালা বা চুলকানি হবে না। তবে হাতের তালু ফুলে উঠবে এবং লালচে ছোপ আরও বেশি ছড়াতে থাকবে।

৪) স্ট্যাটিস ডার্মাটাইটিস: চুলকানি, গোড়ালি ফুলে ওঠা এবং পায়ের পাতা ও গোড়ালিতে কালচে ছোপ পড়লে বুঝতে হবে, লিভারের রোগ বাসা বাঁধছে।

চিকিৎসকের মতে, অনেকের ধারণা আছে লিভারের কারণে ত্বকে যে দাগগুলি ফুটে ওঠে, সেগুলি লিভার টনিক খেলেই ঠিক হয়ে যাবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া লিভারের ওষুধ বা লিভার টনিক খাওয়া ঠিক নয়। ত্বকের কোনও রকম সমস্যা দেখা দিলে টনিক খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Liver Disease Symptoms liver diseases Liver damage symptoms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy