হাঁপানিতে বড় কষ্ট। যাঁদের আছে, তাঁরাই বোঝেন। সঙ্গে কাশি, বুকে ব্যথা আর বিনিদ্র রাত্রিযাপন। শহরাঞ্চলে বাড়তে থাকা দূষণে অনেকেই শ্বাসকষ্টে ভুগছেন। হাঁপানিতে আক্রান্ত মানুষের কষ্ট বাড়ছে আরও বেশি। ফুসফুসের বেহাল অবস্থা। অনেকেই ভাবেন, শ্বাসের সমস্যা হলে বোধ হয় কোনও ব্যায়াম করা যাবে না। তবে চিকিৎসকেরা বলছেন, নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, যা হাঁপানির রোগীদের জন্য ভাল। শ্বাসের সমস্যাও কমাতে পারে। তার মধ্যে একটি হল মকরাসন। কোনও পরিশ্রম করতে হয় না, শুধু শুয়েই করা যায় এই আসন। তাতে যেমন ফুসফুস ভাল থাকে, তেমনই রক্তচাপ কমে, মনও চাপমুক্ত হয়।
কী ভাবে করবেন?
১) ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। মাথা ও কাঁধ মাটি থেকে যতটা সম্ভব উপরে তুলুন।
২) শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে কনুই দু'টি ভাঁজ করে হাতের পাতায় চিবুক রাখুন। শরীরের উপরের অংশের ভর হাতের উপরেই রাখতে হবে।
৩) চোখ বন্ধ রেখে স্বাভাবিক ভাবে শ্বাস নিন ও ছাড়ুন। দুই পা টানটান করে রাখুন।
আরও পড়ুন:
৪) এর পর দুই কনুইয়ের উপর ভর রেখে সেই ভঙ্গিতেই সামনের দিকে কিছুটা এগিয়ে আসুন, আবার আগের অবস্থানে ফিরে যান।
৫) এই ভঙ্গিতে ১০-২০ সেকেন্ড থেকে, হাত দু’পাশে রেখে শুয়ে পড়ুন।
উপকারিতা:
ফুসফুস ভাল থাকবে, শ্বাসের রোগের ঝুঁকি কমবে।
হাঁপানির টানে কষ্ট পাচ্ছে যাঁরা, তাঁরা এই আসন অভ্যাসে সুফল পেতে পারেন।
শ্বাসকষ্ট কমবে, নিয়মিত অভ্যাসে কাশিও কমে যাবে।
সারা শরীরে রক্ত সঞ্চালন ভাল হবে।
রোজ আসনটি অভ্যাসে হার্ট ভাল থাকবে।
কারা করবেন না?
অন্তঃসত্ত্বা অবস্থায় মকরাসন অভ্যাস করা যাবে না।
ভার্টিগোর সমস্যা থাকলে আসনটি না করাই ভাল।