Advertisement
E-Paper

পা ফোলাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করছেন‌? কোনও রোগের ইঙ্গিত দিচ্ছে না তো শরীর?

অনেকে ভাবেন অত্যধিক হাঁটাচলা করার ফলে বা আঁটোসাঁটো জুতো পরার জন্য হয়তো পা ফুলেছে। কিন্তু পা ফুলে যাওয়া বা অবশ হয়ে যাওয়া বড় সমস্যার ইঙ্গিত হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৩৭
ঘন ঘন পা ফুলছে?

ঘন ঘন পা ফুলছে? ছবি: সংগৃহীত।

পা ফুলে যাওয়াকে খুব সাধারণ সমস্যা বলে মনে করেন কেউ কেউ। অনেকে ভাবেন অত্যধিক হাঁটাচলার ফলে বা আঁটোসাঁটো জুতো পরার জন্য হয়তো পা ফুলেছে। কিন্তু পা ফুলে যাওয়া বা অবশ হয়ে যাওয়া বড় সমস্যার ইঙ্গিত হতে পারে।

চিকিৎসকদের মতে, বারবার পায়ে ব্যথা, অসাড়তা এবং ফোলা ভাবের মতো লক্ষণগুলি পায়ে রক্তপ্রবাহের সঙ্গে সম্পর্কিত কোনও সমস্যার ইঙ্গিত হতে পারে। রক্ত সঞ্চালন শরীরের অন্যতম মৌলিক প্রক্রিয়া। রক্ত সঞ্চালন ঠিকঠাক হলেই প্রয়োজনীয় অক্সিজেন শরীরের কোষে কোষে, পেশিতে এবং টিস্যুতে পৌঁছোয়। সুতরাং রক্ত সঞ্চালন ঠিকঠাক না হলে তা মোটেও ভাল লক্ষণ নয়। অথচ অনেকেই পায়ের ব্যথা কিংবা অসাড় হয়ে যাওয়ার মতো লক্ষণ উপেক্ষা করেন।

শরীরের শিরা-উপশিরাগুলির প্রাথমিক কাজ হল রক্তকে আবার হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসা। শিরায় রক্তপ্রবাহের বেগ কমে যাওয়া অথবা রক্তের স্বাভাবিক জমাট বাঁধার প্রক্রিয়ার সমস্যা হলে রক্ত শরীরের নীচের অঙ্গগুলিতে আটকে থেকে যায়। এই কারণেই পা ফুলে যায় অনেক সময়। কখনও ঘণ্টাখানেকের মধ্যে ঠিক হয়ে যায়, কখনও আবার বেশ কিছু দিন পরেও একই হাল থাকে পায়ের। দীর্ঘ দিন ধরে এই সমস্যা অবহেলা করলে পায়ের ক্ষত বাড়তে থাকে, সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

বেশি ক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে অনেকের পা ফুলে যায়। এটা অস্বাভাবিক নয়। কিন্তু যদি অল্প সময়ের মধ্যে পা ফোলে, সঙ্গে মৃদু যন্ত্রণা হয়, সেখানে ত্বক লালচে হয়ে যায়, তা হলে এগুলিকে ডিপ ভেন থ্রম্বোসিসের লক্ষণ বলেই ধরে নেওয়া হয়।

গর্ভাবস্থায় পেটের শিরার উপরে চাপ বেশি পড়ার ফলে ডিভিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাঁদের থ্রম্বোসিস রয়েছে, তাঁরাও ডিভিটি-তে আক্রান্ত হতে পারেন। এ ছাড়া প্যারালিসিসের মতো শারীরিক অসুস্থতা বা অস্ত্রোপচারের কারণে যাঁদের বহু দিন বিছানায় শুয়ে থাকতে হয়, তাঁদের পায়ের শিরায় রক্তপ্রবাহের গতি কমে যাওয়ার ফলে হতে পারে এই রোগ। তবে অনেক সময়ে কোনও রোগ জানা না থাকা সত্ত্বেও ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে।

Deep vein Thrombosis Thromboembolism Symptoms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy