Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

প্রতিপদ থেকে অমাবস্যা-পূর্ণিমা, বিভিন্ন তিথিতে জন্মানো ব্যক্তিদের চারিত্রিক গঠনে দেখা যায় ভিন্নতা, জানালেন জ্যোতিষী

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এক জন ব্যক্তির জন্মের তিথি তাঁর মানসিক গঠন এবং চরিত্রের উপর গভীর প্রভাব ফেলে। চন্দ্রের হ্রাস-বৃদ্ধির উপর ভিত্তি করে এক মাসে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত মোট ১৬টি তিথি রয়েছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:০৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কোনও মানুষ কেমন স্বভাবের, তাঁর জীবনে ভবিষ্যতে কী ঘটতে চলেছে, ইংরেজি জন্মতারিখের উপর ভিত্তি করে এ বিষয়ে একটি দিশা দিয়ে থাকে সংখ্যাতত্ত্ব। ঠিক একই ভাবে তিথি অনুযায়ীও কোনও ব্যক্তি কেমন চরিত্রের হবেন, সে বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া রয়েছে জ্যোতিষশাস্ত্রে। হিন্দু পঞ্জিকা অনুসারে, এক মাসে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত মোট ১৬টি তিথি থাকে। প্রতিটি তিথির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। তবে সঠিক ভাবে ভবিষ্যদ্বাণীর জন্য জন্মবার, জন্মসময়ে গ্রহ-নক্ষত্রের যোগ এবং জন্মকুণ্ডলীর গ্রহদশাও বিশ্লেষণ করা জরুরি।

জেনে নেওয়া যাক, কোন তিথিতে জন্মানো জাতক-জাতিকার স্বভাব বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র—

  • পূর্ণিমা: পূর্ণিমার জাতক-জাতিকারা বুদ্ধিমান এবং জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হন। এঁদের আর্থিক অনটনে ভুগতে হয় না বলে মনে করা হয়।
  • প্রতিপদ: আয়েশে দিন কাটাতে চান এই তিথির জাতক-জাতিকারা। এঁদের বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত, নেতিবাচক সঙ্গ আর্থিক উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে।
  • দ্বিতীয়া: এই তিথিতে জন্মানো ব্যক্তিরা ভয় কাকে বলে জানেন না। এঁদের মধ্যে সততার অভাব দেখা যায় বলে জানাচ্ছে শাস্ত্র। এই তিথিতে জন্মানো কিছু জাতক-জাতিকার মধ্যে পরিচ্ছন্নতার অভাব দেখতে পাওয়া যায়।
  • তৃতীয়া: চঞ্চল স্বভাবের হন তৃতীয়ার জাতক-জাতিকারা। উগ্রতার কারণে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়েন, যার ফলে উন্নতি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা যায়।
  • চতুর্থী: চতুর্থী তিথির জাতক-জাতিকারা খুব দয়ালু হন। এঁরা জীবনে প্রচুর উপার্জন করেন। সন্তানভাগ্যও ভাল থাকে বলে মনে করা হয়।
  • পঞ্চমী: এই তিথিতে জন্মানো ব্যক্তিদের আচরণ খুব ভাল হয়। কাউকে কখনও আঘাত করে কথা বলেন না। শাস্ত্রমতে বাবা-মায়েরও খুব বাধ্য হন এঁরা।
  • ষষ্ঠী: ষষ্ঠী তিথির জাতক-জাতিকারা বেড়াতে খুব ভালবাসেন। তবে অপ্রিয় সত্য সোজাসুজি বলে দেওয়ার কারণে প্রায়ই ঝামেলায় জড়িয়ে পড়ার প্রবণতা দেখতে পাওয়া যায়।
  • সপ্তমী: আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন সপ্তমীতে জন্মানো ব্যক্তিরা। বন্ধুমহলে এঁরা বেশ জনপ্রিয় হন এবং সমাজেও মর্যাদা পান বলে বিশ্বাস।
  • অষ্টমী: এই তিথির জাতক-জাতিকারা খুব ধার্মিক হন, পুজোআচ্চায় মন থাকে। যে কোনও কাজ খুব নিখুঁত ভাবে করতে পছন্দ করেন বলে মনে করা হয়।
  • নবমী: এই তিথিতে জন্ম নেওয়া ব্যক্তিরা পড়াশোনার ক্ষেত্রে খুব উন্নতি করেন বলে বিশ্বাস। পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হন।
  • দশমী: প্রশাসনিক বা সরকারি ক্ষেত্রে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যায় দশমী তিথির জাতক-জাতিকার মধ্যে। খুব কম টাকাতেও জীবননির্বাহ করতে দক্ষ হন এঁরা।
  • একাদশী: এই তিথির জাতক-জাতিকারা ধর্মবিশ্বাসী হন। ঈশ্বরভক্তিই তাঁদের আত্মবিশ্বাস জোগায়। এঁরা সাধারণত কোনও অনিয়ম পছন্দ করেন না।
  • দ্বাদশী: কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে খুব বেশি দ্বিধায় ভোগেন এই তিথিতে জন্মানো ব্যক্তিরা। দেশ-বিদেশ দেখে বেড়ানোয় খুব আগ্রহ থাকে এঁদের।
  • ত্রয়োদশী: ত্রয়োদশী তিথির জাতক-জাতিকারা সকলের ভাল চান। বাহুল্যবর্জিত জীবনযাপন করেন এঁরা। জীবনের লক্ষ্য বিষয়ে স্থির থাকেন।
  • চতুর্দশী: এই তিথিতে জন্ম নেওয়া ব্যক্তিরা নির্ভীক হন। কাউকে কোনও কথা দিলে, তা পালন করতে চেষ্টা করেন।
  • অমাবস্যা: অমাবস্যায় জন্ম নেওয়া জাতক-জাতিকাদের চরিত্র যেন কুয়াশায় ঘেরা হয়। সহজে এঁদের মনের তল পাওয়া যায় না। ভয়শূন্যতা এঁদের চরিত্রের অন্যতম দিক বলে মনে করা হয়।
Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy