বাস্তুশাস্ত্র অনুযায়ী, বছরের সব মাসে গৃহনির্মাণ শুরু করা শুভ বলে মনে করা হয় না। বাংলা ক্যালেন্ডার অনুসারে, নির্দিষ্ট কয়েকটি মাসে গৃহনির্মাণ শুরু করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। অন্য দিকে, বেশ কিছু মাসে ঘর তৈরির কাজ শুরু করলে পরিবারের সদস্যদের জীবনে আর্থিক ক্ষতি বা অশান্তি দেখা দিতে পারে। স্বপ্নের বাড়ি তৈরি করতে গিয়ে অমঙ্গলের অশুভ ছায়া ঘিরে ধরে। গৃহনির্মাণের জন্য কোন মাস শুভ এবং কোন মাস অশুভ, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
বৈশাখ (এপ্রিল–মে)
এই মাসে গৃহনির্মাণ শুরু করা অত্যন্ত শুভ। এটি পরিবারে ধন-সম্পদ, আরোগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।
জ্যৈষ্ঠ (মে–জুন)
এই মাসে গৃহনির্মাণ শুরু করলে গৃহকর্তা বা পরিবারের অন্য সদস্যদের উপর বড় কোনও বিপদ আসতে পারে।
আষাঢ় (জুন–জুলাই)
আষাঢ় মাসে ঘর তৈরির কাজ শুরু করলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে এবং ব্যবসার ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
শ্রাবণ (জুলাই–অগস্ট)
শ্রাবণ মাসে কাজ শুরু করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। গৃহকর্তার উন্নতি হয় এবং সম্পত্তির বৃদ্ধি ঘটে।
ভাদ্র (অগস্ট–সেপ্টেম্বর)
এই মাসে বাড়ির কাজ শুরু করলে পরিবারে কলহ, অশান্তি এবং চুরির ভয় থাকে।
আশ্বিন (সেপ্টেম্বর–অক্টোবর)
আশ্বিন মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করলে পরিবারের সদস্যদের রোগব্যাধি হতে পারে। তা ছাড়া নানা কারণে বাড়িতে শোকের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
কার্তিক (অক্টোবর–নভেম্বর)
এই মাসে বাড়ি তৈরির কাজ শুরু করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভাল থাকে এবং কর্মক্ষেত্রে সাফল্য আসে।
অগ্রহায়ণ (নভেম্বর–ডিসেম্বর)
এই মাসে বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলে ঘরে শস্য এবং ধনসম্পত্তির কোনও রকম অভাব হয় না।
পৌষ (ডিসেম্বর–জানুয়ারি)
পৌষ মাসে গৃহনির্মাণের কাজ শুরু করলে বাড়িতে চুরির ভয় থাকে এবং অর্থহানি হওয়ার আশঙ্কা বাড়ে।
মাঘ (জানুয়ারি–ফেব্রুয়ারি)
মাঘ মাসে কাজ শুরু করা অত্যন্ত ফলদায়ক। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের সদস্যদের অগ্নিভয় থেকে মুক্তি দেয়।
ফাল্গুন (ফেব্রুয়ারি–মার্চ)
এই মাসে ঘর তৈরির কাজ শুরু করলে পরিবারের সদস্যদের সমাজে মান-সম্মান বৃদ্ধি পায় এবং পরিবারে আনন্দময় পরিবেশ বজায় থাকে।
চৈত্র (মার্চ–এপ্রিল)
বছরের এই মাসে নতুন বাড়ি তৈরি শুরু করলে গৃহকর্তার মনে সব সময় কোনও না কোনও কারণে ভয় বা উদ্বেগ কাজ করে।
বাস্তুশাস্ত্রে এই সাধারণ নিয়মগুলির উল্লেখ থাকলেও কাজ শুরু করার আগে নির্দিষ্ট বছরের পঞ্জিকা দেখে একটি শুভ দিন বেছে নেওয়া জরুরি। অনেক সময় অশুভ মাসের শেষের দিকে বা শুভ মাসের নির্দিষ্ট কিছু তিথিতে গ্রহের অবস্থান পরিবর্তন হয়। তাই কোনও অভিজ্ঞ জ্যোতিষী বা বাস্তুবিদের পরামর্শ নিয়ে ভূমিপূজা করাই শ্রেয়।