কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির তরফে ১০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন গত তিন মাসেরও বেশি সময় ধরে স্বরাষ্ট্র মন্ত্রকে প্রয়োজনীয় অনুমোদনের জন্য জমা পড়ে রয়েছে। মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।
সংসদে একটি লিখিত জবাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া রিপোর্টের ভিত্তিতে তাঁর এই রিপোর্ট। সেই সঙ্গে তাঁর দাবি, ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য মোট ৩৩০টি অনুমোদন দিয়েছে। প্রসঙ্গত, মোদীর প্রধানমন্ত্রিত্বে ২০১৪ সালের ২৬ মে থেকে ২০১৯ সালের ৩০ মে পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন রাজনাথ সিংহ। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়িত্ব নিয়েছিলেন ২০১৯-এর ৩০ মে। নিত্যানন্দ জানান, মোদীর জমানায় এক আমলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদনের আর্জি প্রত্যাখ্যান করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন:
সংশোধিত দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯ নম্বর অনুযায়ী সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদনের অনুরোধের বিষয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। যা পরবর্তী সময় আরও এক মাস বাড়ানো যেতে পারে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএনএস)-তেও মামলা চালানোর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য ১২০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিএনএনএস-এ বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলে, সংশ্লিষ্ট মামলার তদন্তকারী সংস্থা আদালতে এ সংক্রান্ত অভিযোগপত্র দাখিল করতে পারবে এবং আদালতকে অভিযুক্ত সরকারি কর্তার অপরাধের বিষয়ে রিপোর্ট পেশ করবে। সে ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেবে আদালত।