রাজস্থানেরই ১০০০ পড়ুয়ার হাতে পৌঁছেছিল নিটের ফাঁস হওয়া প্রশ্নপত্র। তদন্তকারী সূত্রে এমনই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই তিন রাজ্য থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁদের মধ্যে রাজস্থানের তিন জন, মহারাষ্ট্রের এক জন এবং হরিয়ানার এক জন। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সমস্ত অভিযুক্তকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন মাঙ্গিলাল বিনওয়াল, তাঁর ভাই দীনেশ এবং পুত্র বিকাশ। এই তিন জন রাজস্থানের বাসিন্দা। হরিয়ানার গুরুগ্রাম থেকে যশ যাদব এবং মহারাষ্ট্রের নাসিক থেকে শুভম খৈরনারকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও পুণে থেকে এক মহিলা এবং অহল্যানগরে এক জনকে আটক করা হয়েছে। মহিলার নাম মনীষা ওয়াঘমারে। তিনি পেশায় এক জন বিউটিশিয়ান। অহল্যানগর থেকে আটক ব্যক্তির নাম নিভৃতি লোখান্ডে।
আরও পড়ুন:
অভিযোগ, মনীষার ২১টি অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। রাজস্থানের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) জানিয়েছে, ১০০০ জনের কাছে নিটের প্রশ্নপত্র পৌঁছেছিল। তদন্তকারীরা আরও জানিয়েছেন, যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যার ৩০০টি প্রশ্ন ছিল। সবক’টিতেই হাতে লেখা ছিল প্রশ্ন। হাতের লেখাও এক। সেই ৩০০টি প্রশ্নের মধ্যে ১৫০টি পরীক্ষায় এসেছিল। প্রাথমিক ভাবে রাজস্থানের সীকরকে প্রশ্নপত্র ফাঁসের কেন্দ্র হিসাবে মনে করা হলেও তদন্তকারীরা কিন্তু মনে করছেন, এর কেন্দ্র কিন্তু অন্য জায়গায়। রাজস্থান পুলিশের হাতে এখনও পর্যন্ত ১৩ জন গ্রেফতার হয়েছেন।