ইটভাটার চিমনি ফেটে ৭ জন শ্রমিকের মৃত্যু হল বিহারে পূর্ব চম্পারণ জেলায়। এই ঘটনায় গুরুতর জখমের সংখ্যা অন্তত ১২। তাঁদের অনেকের অবস্থাই ‘গুরুতর’ বলে জেলা প্রশাসন জানিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে রামগারওয়া থানার অন্তর্গত নরিরগীর অঞ্চলের ওই ইটভাটায় কাজ চলাকালীন হঠাৎই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় চিমনির কাছে বেশ কয়েক জন শ্রমিক ছিলেন। তাঁরাই দুর্ঘটনার শিকার হন। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুন:
রাতেই পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। আনা নয় ১০টি অ্যাম্বুল্যান্স এবং দমকলের গাড়ি। আহতদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করানো হয়। সেখান থেকে গুরুতর জখম কয়েক জনকে পাঠানো হয় জেলাসদর মোতিহারিতে।
আরও পড়ুন:
জেলার পুলিশ সুপার (রক্সৌল) জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইটভাটায় শ্রমিকের মৃত্যু বা জখমের ঘটনা বিহারের তরাই এলাকায় এই প্রথম নয়। হামেশাই এমন ঘটনা ঘটে ভাটা গুলিতে। কিন্তু একটি দুর্ঘটনার এত জন শ্রমিকের মৃত্যু সাম্প্রতিক কাল নজিরবিহীন।