খাবারে বিষ মিশিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা করেছিলেন। এক বার নয়, তিন বার চেষ্টা করেও ব্যর্থ হন। তার পরেই স্ত্রীকে হত্যার অন্য পরিকল্পনা নেন মহারাষ্ট্রের বুলধানার এক ব্যক্তি। ভাড়া করেন ‘সুপারি কিলার’। এক লক্ষ টাকা দিয়ে ‘খুনি’ ভাড়া করে স্ত্রীকে খুন করান। কিন্তু তাঁকে এমন ভাবে খুন করা হয়, যাতে দুর্ঘটনা বলে মনে হয়।
অভিযুক্তের নাম প্রকাশ গাওয়ান্ডে। পুলিশ সূত্রে খবর, তাঁর স্ত্রী পেশায় শিক্ষিকা। তাঁকে খুন করার জন্য ভাড়াটে ‘খুনি’ নিযুক্ত করেছিলেন প্রকাশ। ঘটনাটি ঘটে ২ মার্চ। সে দিন ওই মহিলার স্কুটারে ধাক্কা মারে একটি গাড়ি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করে, এটা দুর্ঘটনা ছিল।
তবে তদন্তে নেমে ঘাতক গাড়ির চালককে খুঁজে বার করে। মণীশ সূর্যবংশী নামে এক জনকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের সময় খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। তবে এই যড়যন্ত্রে এক ‘মিডলম্যান’ও ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রকাশ মঙ্গেশ চুলকার নামে এক জনকে এক লক্ষ টাকা দিয়েছিলেন। তিনিই মণীশকে ঠিক করেন। তার পরেই ঘটে ‘দুর্ঘটনা’।
আরও পড়ুন:
পুলিশ তিন জিনকেই গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে পুলিশ হেফাজতের আবেদন করা হয়। আদালত তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। কেন খুন? পুলিশ সন্দেহ করছে, পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিলেন। তবে গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।