Advertisement
E-Paper

হেলমেট নেই, তরুণকে ছ’হাজার টাকা জরিমানা করে বিনা হেলমেটে বাইক ছোটাচ্ছেন পুলিশকর্মী! ভিডিয়ো দেখে প্রশ্নের ঝড়

হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য এক যুবককে ধরে ৬,০০০ টাকা জরিমানা করেন এক পুলিশকর্মী। জরিমানার মোটা অঙ্ক দেখে হতাশ হয়ে পড়েন বাইকচালক তরুণ। এর পরই তিনি লক্ষ করেন, যে পুলিশকর্মী তাঁকে হেলমেট না পরার জন্য শিক্ষা দিচ্ছিলেন, তিনিই হেলমেটবিহীন হয়ে বাইক চালাচ্ছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৩:৫৯

ছবি: সংগৃহীত।

হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে ছ’হাজার টাকা জরিমানা করে ছিলেন পুলিশকর্মী। যিনি নিয়ম ভাঙার জন্য রাস্তায় তরুণকে ধরে জরিমানা আদায় করেছিলেন তিনিই পরে হেলমেট ছাড়া বাইক চালাতে গিয়ে ধরা পড়েছেন ক্যামেরায়। নিয়ম লঙ্ঘনের দায়ে জরিমানা দেওয়ার পর উল্টে পুলিশকর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তরুণ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা। পুলিশকর্মী ও তরুণের সেই বচসারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে, পুলিশের এক আধিকারিক হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য এক যুবককে ধরে ৬,০০০ টাকা জরিমানা করেন। জরিমানার কারণ হিসাবে দু’টি বিষয় উল্লেখ করা হয়েছে। ভাঙা লাইসেন্স প্লেট এবং হেলমেট ছাড়া বাইক চালানো। জরিমানার মোটা অঙ্ক দেখে হতাশ হয়ে পড়েন বাইকচালক তরুণ। এর পরই তিনি লক্ষ করেন, যে পুলিশকর্মী তাঁকে হেলমেট না পরার জন্য শিক্ষা দিচ্ছিলেন, তিনিই হেলমেটবিহীন হয়ে বাইক চালাচ্ছিলেন। এতে তরুণ ক্ষিপ্ত হয়ে পুলিশকর্মীকে বাইক নিয়ে তাড়া করতে শুরু করেন। পাশাপাশি বাইক চালাতে চালাতেই তিনি সরাসরি জিজ্ঞাসা করেন, যখন সাধারণ মানুষকে হেলমেট না পরার জন্য এত বড় অঙ্কের জরিমানা দিতে হয়, তখন পুলিশকর্মী নিজেই কী ভাবে হেলমেট ছাড়া রাস্তায় বাইক চালাচ্ছেন? বাইকচালক পুলিশকর্মীকে ক্রমাগত জিজ্ঞাসা করতে থাকেন যে তাঁর হেলমেট কোথায় এবং তাঁকেও জরিমানা করা হবে কি না ইত্যাদি। যুবকটি তাঁর ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করে রাখেন। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে প্রকাশিত হতেই দ্রুত নেটাগরিকদের নজর কেড়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘মণীশ_পণ্ডিত০১’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়ায় ভরে যায়। হাজার হাজার মানুষ ভিডিয়োটি শেয়ার করে তাঁদের মতামত প্রকাশ করেন। বেশির ভাগই যুবকের সাহসিকতার প্রশংসা করেছেন। অনেক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন যে, আইন সবার জন্য সমান হওয়া উচিত, সে সাধারণ নাগরিক হোন বা উর্দিধারী কর্মকর্তা। কেউ কেউ এ-ও প্রশ্ন তুলেছেন যে কেন নিয়মকানুন শুধু সাধারণ মানুষের জন্যই প্রযোজ্য, আইন প্রয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিরা কেন ছাড় পাবেন?

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy