বিয়ে করে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথেই অপহরণ করা হল নববিবাহিত সেই তরুণীকে। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গিরে।
জানা গিয়েছে, বোলাঙ্গিরের বাসিন্দা হরিবন্ধু পটেলের সঙ্গে কান্তামালের তরুণীর বিয়ে ছিল শনিবার। বিয়ের অনুষ্ঠান সেরে রবিবার সকালে নববধূকে নিয়ে বাড়িতে ফিরছিলেন হরিবন্ধু। তাঁদের পিছনে অন্য গাড়িতে বরপক্ষের লোকেরা ছিলেন। অভিযোগ, হরিবন্ধুদের গাড়ি যখন বড়াবান্ধার কাছে তারভা রোডে ওঠে, সেই সময় দু’জন বাইকে করে আসেন। গাড়িটিকে থামান। তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
আরও পড়ুন:
অভিযোগ, সেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থেকে হরিবন্ধু এবং তাঁর স্ত্রীকে নামতে বলেন। তাঁরা দু’জনে নামতেই নববিবাহিত তরুণীর মাথায় বন্দুক ঠেকান এক যুবক। তার পর তাঁকে জোর করে বাইকে তুলে নিয়ে যান। বর এবং তাঁর আত্মীয়েরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন। তার পরই হরিবন্ধু পুলিশের দ্বারস্থ হন। তারভা থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, তরুণীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অপহরণকারী তরুণীর প্রাক্তন প্রেমিক।