Advertisement
E-Paper

প্রথম দিনই দিল্লির নতুন মেয়রের উপর আক্রমণের চেষ্টা! অভিযোগের তির বিজেপির দিকে

শেলির উপর আক্রমণের ঘটনার নিন্দা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও। তিনি লিখেছেন, “জঘন্য ঘটনা। গ্রহণযোগ্য নয়।”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫১
Picture of Shelly Oberoi.

দিল্লির নতুন মেয়র শেলি ওবেরয়। ছবি: পিটিআই।

দিল্লির নতুন মেয়র হওয়ার প্রথম দিনেই আক্রমণের মুখে পড়তে হল আম আদমি পার্টি (আপ)-র নেত্রী শেলি ওবেরয়কে। স্ট্যান্ডিং কমিটির নির্বাচন চলাকালীন তাঁর উপর বিজেপি কাউন্সিলররা আক্রমণ চালায় বলে অভিযোগ।

বুধবার এই ঘটনার বিবরণ দিতে গিয়ে নতুন মেয়র টুইটারে লিখেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে স্ট্যান্ডিং কমিটির নির্বাচনের সময় আমার উপর আক্রমণের চেষ্টা করেন বিজেপি কাউন্সিলররা। বিজেপির গুন্ডামি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এক মহিলা মেয়রের গায়ে হাত তুলতেও পিছপা হচ্ছে না।”

এই ঘটনার নিন্দা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও। তিনি লিখেছেন, “জঘন্য ঘটনা। গ্রহণযোগ্য নয়।” উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া লিখেছেন, “ভোটে পরাজয়ের পর এ বার স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে গুন্ডামি করছে বিজেপি। প্রথমে কমিটির সদস্যদের নির্বাচনে ব্যাঘাত ঘটানো এবং এখন নতুন মেয়রের গায়ে হাত তোলার চেষ্টা করলেন বিজেপি কাউন্সিলররা।”

গত বছরের ডিসেম্বরে দিল্লি পুরভোটের পর থেকে তিন বার মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও প্রতি বারই তা বন্ধ হয়ে গিয়েছে। শেষে শীর্ষ আদালত রায় দেয়, উপরাজ্যপাল মনোনীত সদস্যদের মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার থাকবে না। মেয়র বাছাই হবে কেবলমাত্র পুর নির্বাচনে জয়ীদের ভোটের উপর ভিত্তি করেই। এর পরেই ভোট হয় এবং তাতেই জয়ী হন শেলি। রাজনীতির আঙিনায় প্রবেশের আগে শেলি ছিলেন অধ্যাপিকা। এখন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক।

Shelly Oberoi Delhi BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy