দিল্লিবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে চলছে বিজেপি। এ বার থেকে প্রতি বছর হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার পাবেন তাঁরা। কী ভাবে পাবেন এবং কারা পাবেন তা মঙ্গলবার বিস্তারিত জানিয়ে দিয়েছে পদ্মশিবির।
দিল্লিতে গত বিধানসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্ষমতায় এলে হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়া হবে। এ বার সেই পথেই হাঁটছে তারা। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত তাঁর মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানে এই প্রস্তাবটি তোলা হয় বলে জানা গিয়েছে। প্রস্তাবটি আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত হওয়ার পরেই দিল্লিবাসীর জন্য এই ঘোষণা করেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:
কারা কারা এই সিলিন্ডার পাবেন তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পটি মূলত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার এবং নিম্ন আয়ের নারীদের সহায়তার জন্য। বিবৃতিতে বলা আছে, দিল্লির বৈধ রেশন কার্ডধারী সকল পরিবার এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এই সুবিধা পাবে।
দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ পদ্ধতির মাধ্যমে একটি সিলিন্ডারের মূল্য সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যাঁদের বাড়িতে পিএনজি সংযোগ রয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন না।
বিজেপি সূত্রে খবর, এই প্রকল্পে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হবে, যার মধ্যে বর্তমানে ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ বিষয়ে রেখা জানিয়েছেন, তাঁর সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ।