Advertisement
E-Paper

বিজয়ী তারেকের সঙ্গে কথা বলে ‘উচ্ছ্বসিত’ প্রধানমন্ত্রী মোদী! বললেন ‘বাংলাদেশের মানুষের আশাপূরণের চেষ্টায় পাশে আছি’

শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে ‘আন্তরিক অভিনন্দন’ জানান প্রধানমন্ত্রী মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০
(বাঁ দিকে) তারেক রহমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) তারেক রহমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।

বিজয়ী তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি ‘উচ্ছ্বসিত’। সমাজমাধ্যমে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মানুষের স্বার্থে তারেকের উদ্যোগের পাশে আছেন বলেও উল্লেখ করেছেন তিনি। এর আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই সমাজমাধ্যমে বিএনপি প্রধান তারেককে অভিনন্দন জানান মোদী। বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সমাজমাধ্যমে লেখেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমরা উচ্ছ্বসিত। বাংলাদেশ নির্বাচনে তাঁর অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।’ এর পরেই তিনি জানান, বাংলাদেশের মানুষের আশাপূরণের যে চেষ্টা তাঁর রয়েছে, তাতে পাশে রয়েছেন তিনি। এর পরেই মোদী লেখেন, ‘দুই ঘনিষ্ঠ প্রতিবেশী, যাঁদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন গভীর, সেই দুই দেশের মানুষের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য ভারতের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করব।’ প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চাপানউতর শুরু হয়। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সম্পর্ক আরও কিছুটা খারাপ হয়। মনে করা হচ্ছে, বাংলাদেশে স্থায়ী সরকার গঠিত হলে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নতি হবে।

এর আগে শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় একটি পোস্ট করে তারেককে ‘আন্তরিক অভিনন্দন’ জানান প্রধানমন্ত্রী মোদী। ওই দুই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেল?

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পেল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করতে তারেককে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদী লেখেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ককে মজবুত করার জন্য এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।’ একই সঙ্গে মোদী লেখেন, ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।’

তার পরেই প্রধানমন্ত্রী মোদী এবং ভারতকে ধন্যবাদ জানায় বিএনপি। তাদের তরফে জানানো হয়, বাংলাদেশের নতুন সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। বিএনপি-র স্ট্যান্ডিং কমিটির সদস্য তখা ২০২৬ সালের ভোটের মুখ্য সমন্বয়কারী নজরুল ইসলাম খান পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের জনাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য মোদীর প্রশংসা করেন। শুক্রবার নজরুল পিটিআই-কে বলেন, ‘‘আমাদের নেতা তারেককে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ। একটি গণতান্ত্রিক দেশের জনাদেশকে স্বীকৃতি দেওয়াই উচিত। মোদী তা-ই করেছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশ এবং তাদের মানুষজনের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।’’

বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর ফের ঢাকার মসনদে ফিরছে প্রয়াত খালেদা জিয়ার দল। বেসরকারি সূত্র বলছে, ২১২টি আসনে জয়ী হয়েছে তারা। জামায়াতে ইসলামী জিতেছে ৭৭টি আসনে। অন্যান্য দল জিতেছে আটটি আসনে।

PM Narendra Modi Tarique Rahman bnp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy