ধূমপান নিয়ে সাংসদদের মন্তব্যে মোদীকে তোপ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
ধূমপানের সঙ্গে ক্যানসারের যোগ নিয়ে একের পর এক বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগল শিবসেনা। দলীয় মুখপত্রের সম্পাদকীয় বিভাগে মঙ্গলবার শিবসেনা বলেছে, ‘‘রাস্তা পরিষ্কার করতে হাতে ঝাড়ু নিয়েছেন মোদী। তবে তাঁর সাংসদদের মুখ থেকে যে অশ্লীল শব্দ বেরোচ্ছে তা পরিষ্কারের দায় নেবে কে?’’ পাশাপাশি, ধূমপানের অভ্যাস ঠেকাতে গঠিত সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ দিলীপ গাঁধীকে আক্রমণ করে শিবসেনা বলেছে, ভারতীয় গবেষণায় কোথাও লেখা নেই তামাক থেকেই ক্যানসার হয়— এ কথা বলার জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত তাঁকে। শিবসেনার দাবি, মুম্বইয়ের টাটা হাসাপাতালে চিকিৎসাধীন ১০০ জন ক্যানসার রোগীর মধ্যে ৬০-৬৫ জনই তামাক সেবনের ফলে এই রোগে আক্রান্ত। এক দিকে তামাকের বিরুদ্ধে কথা বলছেন প্রধানমন্ত্রী। অন্য দিকে তাঁরই দলের সাংসদরা মানুষকে তামাক সেবনে উৎসাহ দিচ্ছেন।
নাগাল্যান্ডে নয়া জঙ্গিদল
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
এনএসসিএন-এর নতুন শাখা খুললেন খাপলাং গোষ্ঠী থেকে বহিষ্কৃত দুই নেতা— ওয়াংতিং নাগা কন্যাক ও পি তিখাক। নতুন শাখার নাম, এনএসসিএন (রিফোর্মেশন) বা এনএসসিএন-আর। ওয়াংতিং জানান, গত কাল নাগাল্যান্ডের মন জেলায় খাপলাং গোষ্ঠীর সেনা ও প্রশাসনিক শাখার সদস্যরা নতুন শাখার উদ্বোধন করেন। ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনার পক্ষে সওয়াল করায় খাপলাং বাহিনীর প্রধান এস এস খাপলাং ওয়াংতিংদের বহিষ্কার করেন। এর পরই ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি ভেঙে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এনএসসিএন-এর নতুন শাখাকে স্বাগত জানানো হয়েছে। ভারত সরকার খাপলাং গোষ্ঠীকে এখন থেকে মায়ানমারের জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করবে। ওয়াংতিং জানান, তাঁরা নাগাদের ঐক্যবদ্ধ করে স্থায়ী শান্তির চেষ্টা চালাবেন। এ দিকে নতুন শাখা তৈরি হওয়ার সঙ্গে-সঙ্গেই এনএসসিএন-আর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সরকারি-বেসরকারি দফতরে জঙ্গিকর চেয়ে নোটিস পাঠিয়েছে। খাপলাং বাহিনী তার নিন্দা করে বিবৃতি দিয়ে জানিয়েছে, মুখে শান্তির কথা বলা জঙ্গি নেতার আসল চেহারা এ কাজেই স্পষ্ট হয়েছে। এ দিন অসমের শোণিতপুর জেলায় ঢেকিয়াজুলির টিউলিপ চা বাগানের পাশে মাটি খুঁড়ে ৭৫টি ডিটোনেটর ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
উপহার ফেরত
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
আম আদমি পার্টি (আপ)–র আদর্শে মুগ্ধ হয়ে বছর খানেক আগে অরবিন্দ কেজরীবালকে নীল একটি ওয়াগন আর গাড়ি উপহার দিয়েছিলেন লন্ডনবাসী আপ সমর্থক কুন্দন শর্মা। নির্বাচনী প্রচারের কাজ এবং তার পর মুখ্যমন্ত্রী হওয়ার পরেও প্রথম প্রথম ওই গাড়িতেই ঘুরতে দেখা যেত কেজরীবালকে। ওই গাড়িতেই এক বার মন্ত্রিসভার একটি বৈঠকও করেন তিনি। দলের অভ্যন্তরীণ কলহে বীতশ্রদ্ধ হয়ে এখন সেই গাড়িই ফেরত চাইছেন কুন্দন। তিনি ও তাঁর স্ত্রী আপ-এর নামে যে অনুদান দিয়েছিলেন সেই টাকাও ফেরত চান তিনি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কুন্দন জানান, শীর্ষ নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে ক্ষমতাচ্যুত করায় মনে আঘাত পেয়েছেন তিনি।
গুলিতে হত ৫ সিমি সদস্য
সংবাদ সংস্থা • হায়দরাবাদ
তেলঙ্গানা পুলিশের গুলিতে মৃত্যু হল পাঁচ সিমি সদস্যের। পুলিশ সূত্রে খবর, ওয়ারাঙ্গল জেল থেকে হায়দরাবাদের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। সেই সময় পুলিশেরই হাতের বন্দুক কেড়ে নিয়ে চড়াও হয় তারা। যদিও শেষ পর্যন্ত সফল হয়নি। পুলিশের গুলিতে মৃত্যু হয় পাঁচ জনের। ওয়ারাঙ্গল রেঞ্জ ডিআইজি বি মালা রেড্ডি বলেন, ‘‘২০০৯-এর এক ঘটনায় জেলবন্দি পাঁচ জঙ্গিকে মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় জানগাঁওয়ের সামনে ভিখারুদ্দিন নামে এক জঙ্গি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাস থেকে নামতে চায়। হাতে শিকল পরিয়ে তাকে বাস থেকে নামান এক সাব-ইনস্পেক্টর। ফিরে আসার পর ওই জঙ্গির হাতে ফের শিকল পরাতে গেলেই মারমুখী হয়ে ওঠে সে। সাব-ইনস্পেক্টরের হাত থেকে রাইফেলটি ছিনিয়ে নেয়। অস্ত্রটি ফের কেড়ে নেন ওই পুলিশকর্মী। কিন্তু তত ক্ষণে বাকি চার জঙ্গি বাসের আরও দুই পুলিশের উপর হামলা চালিয়ে কেড়ে নিয়েছে বন্দুক। এর পর বাসের বাকি পুলিশরা গুলি করে হত্যা করে পাঁচ জঙ্গিকে।
স্ত্রীর পাশেই গোয়ার মন্ত্রী
সংবাদ সংস্থা • পানজিম
স্ত্রীর পাশে দাঁড়ালেন গোয়ার মন্ত্রী দীপক ধাভালিকর। মেয়েরা পশ্চিমি সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ায় ধর্ষণের সংখ্যা বেড়েছে। সোমবার এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তাঁর স্ত্রী তথা দক্ষিণপন্থী সংগঠন সনাতন সংস্থার অন্যতম নেত্রী লতা ধাভালিকর। আজ স্ত্রীর সমর্থনে দীপক বলেছেন, ‘‘আগে যখন মেয়েরা হিন্দু সংস্কৃতি মেনে চলত, তখন ধর্ষণের কথা প্রায় শোনাই যেত না। আজকাল মেয়েরা যে পোশাক তা অবশ্যই ধর্ষণের একটা বড় কারণ।’’ স্ত্রীর সুরেই কারখানা ও শিল্প বিষয়ক মন্ত্রী বলেন, ‘‘কনভেন্ট স্কুলগুলিতে আমাদের সংস্কৃতি নিয়ে কিছুই শেখানো হয় না। ওরা ভারতীয় সংস্কৃতির কিছুই জানে না।’’ গত কালই তাঁর স্ত্রী লতা ছেলেমেয়েদের কনভেন্টে না পড়ানোর পরামর্শ দেন অভিভাবকদের।
নাগাল্যান্ডে নয়া জঙ্গিদল
এনএসসিএন-এর নতুন শাখা খুললেন খাপলাং গোষ্ঠী থেকে বহিষ্কৃত দুই নেতা— ওয়াংতিং নাগা কন্যাক ও পি তিখাক। নাম, এনএসসিএন (রিফোর্মেশন) বা এনএসসিএন-আর। ওয়াংতিং জানান, সোমবার নাগাল্যান্ডের মন জেলায় খাপলাং গোষ্ঠীর সেনা ও প্রশাসনিক শাখার সদস্যরা নতুন শাখা উদ্বোধন করেন। ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনার পক্ষে সওয়াল করায় খাপলাং বাহিনীর প্রধান এস এস খাপলাং ওয়াংতিংদের বহিষ্কার করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এনএসসিএন-এর নতুন শাখাকে স্বাগত জানানো হয়েছে। ভারত সরকার খাপলাং গোষ্ঠীকে মায়ানমারের জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করবে। ওয়াংতিং জানান, তাঁরা নাগাদের ঐক্যবদ্ধ করে স্থায়ী শান্তির চেষ্টা চালাবেন। নতুন শাখা তৈরি হওয়ায় এনএসসিএন-আর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সরকারি-বেসরকারি দফতরে জঙ্গিকর চেয়ে নোটিস পাঠিয়েছে। খাপলাং বাহিনী তার নিন্দা করে জানিয়েছে, মুখে শান্তির কথা বলা জঙ্গি নেতার আসল চেহারা এ কাজেই স্পষ্ট।
তিরে মৃত্যু মাওবাদীর
গ্রামবাসীদের তিরে মৃত্যু হল এক মাওবাদীর। তার নাম জনসন গঞ্জু ওরফে সঞ্জয়। রবিবার চাইবাসার মনোহরপুরের রোগো গ্রামে ঘটনাটি ঘটে। জখম ওই মাওবাদীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে চাইবাসার জেল ভেঙে যে ১৫ জন বন্দি পালিয়েছিল, সঞ্জয় তাদেরই এক জন। জেলা পুলিশ জানায়, রোগো গ্রামে পরিচিত এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়েছিল সঞ্জয়। স্থানীয়রা তাকে বাধা দিলে সে গুলি চালায়। এর পরই গ্রামবাসীরা লাঠি, তির-ধনুক নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্য দিকে, লাতেহারের চান্দোয়া ও গারু এলাকা থেকে দু’টি জঙ্গি সংগঠনের তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজেশ সিংহ নামে এক জঙ্গিকে গারু থেকে পাকড়াও করা হয়। চান্দোয়ায় ধরা পড়ে রূপলাল গঞ্জু ও সোনু কুমার।
ডুবে মৃত্যু
জলে ডুবে মারা গেল এক ছাত্র। মেঘালয়ের গারো পাহাড়ের ঘটনা। পুলিশ জানায় তুরার স্কুল থেকে ছাত্রদের একটি দল ওয়ারিবোকগ্রেতে বনভোজনে গিয়েছিল। কয়েক জন একটি ঝর্নার পাশে ভলিবল খেলছিল। তখনই স্টিফেন সাংমা নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র জলে পড়ে যায়। স্রোতের টানে স্টিফেন ভেসে যায়। পরে তার দেহ উদ্ধার করা হয়।
উদ্ধার শিশু
নাগাল্যান্ড থেকে উদ্ধার হল গোলাঘাটের অপহৃত শিশু। পুলিশ জানায়, শনিবার গোলাঘাটের ফারকাটিংয়ের বাসিন্দা সুজিত ও ববিতা অগ্রবাল মন্দিরে গিয়েছিলেন। সেখানে তাঁদের ছেলে তিন বছরের দিব্যাংশকে অপহরণ করা হয়। ১ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। তদন্তে জানা যায়, ডিমাপুরের মিঞা বস্তি থেকে ফোন করা হয়। আজ শিশুটিকে উদ্ধার করে পুলিশ। মহান্তি দাস, বিজয় নাথ, নিতু মজুমদার ও উত্তম কুমার নামে চার অপহরণকারীও ধরা পড়ে।
স্মৃতির মন্ত্রক ছাড়লেন আমলা
স্মৃতি ইরানির সঙ্গে মনোমালিন্যের জেরে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ছাড়লেন আরও এক পদস্থ আমলা। অমরজিৎ সিংহ নামে ওই অতিরিক্ত সচিব চলতি সপ্তাহে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে। অমরজিৎ প্রযুক্তি শিক্ষা বিশেষ করে আইআইটির মতো বিষয়গুলি দেখতেন। সম্প্রতি স্মৃতির পছন্দের ব্যক্তিদের আইআইটির অধিকর্তা হিসেবে নিয়োগে আপত্তি তোলেন তিনি। তার পরেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ মন্ত্রকের পরিসংখ্যানগত বিষয়গুলি দেখার দায়িত্ব দেওয়া হয়।
আটক ২
দুর্ঘটনার জেরে এক যুবককে পিটিয়ে খুনে মঙ্গলবার আরও দু’জনকে আটক করল দিল্লি পুলিশ। এক জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। রবিবার দিল্লির রাস্তায় শাহনওয়াজ নামে এক যুবকের বাইকের সঙ্গে সংঘর্ষ হয় একটি গাড়ির। বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। মারধর করা হলে পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
অজ্ঞান সুপ্রিয়া
পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলি জেলায় ভোট প্রচারে বেরিয়ে জ্ঞান হারালেন কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলে। সুপ্রিয়াদেবী মঙ্গলবার প্রয়াত প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আর আর পাটিলের স্ত্রী সুমনের হয়ে বক্তৃতা দিচ্ছিলেন। তখনই তিনি অজ্ঞান হয়ে যান।
ফুলে ফুলে...। মঙ্গলবার শ্রীনগরের টিউলিপ বাগানে। ছবি: এএফপি।
সস্ত্রীক। মঙ্গলবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে কুণাল খেমুর সঙ্গে সোহা আলি খান। ছবি: পিটিআই।