উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং দক্ষিণ ভারতের কেরলের পাশাপাশি মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোটের প্রচারের সময়সীমা শেষ হল মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিধানসভার ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে আগামী ৪ মে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর সঙ্গেই।
অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। তিন বিধানসভাতেই এক দফায় ভোটগ্রহণ হবে। কেরলে মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে ক্ষমতাসীন বামজোট এলডিএফের। সেখানে গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিপিএম নেতা পিনারাই বিজয়ন। অসমে ক্ষমতাসীন বিজেপি-অসম গণ পরিষদ জোটের মোকাবিলায় এ বার কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), প্রাক্তন আসু (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন) নেতাদের দল ‘অসম জাতীয় পরিষদ’, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডার্স কনফারেন্স’ এবং সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের রাইজর দল শামিল হয়েছে। তৃণমূল সেখানে আলাদা ভাবে লড়ছে ২৩ আসনে।
আরও পড়ুন:
অন্য দিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট। মুখ্যমন্ত্রী এনআর কংগ্রেসের প্রতিষ্ঠাতা-প্রধান এন রঙ্গস্বামী। তাদের প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-ডিএমকে জোট। কেরলে ৮৯০, অসমে ৭২২ এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে। প্রচারের শেষ দিনে দিল্লিতে কংগ্রেস নেতা পবন খেরার ঠিকানায় অসম পুলিশের তল্লাশি অভিযান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সোমবার হিমন্তের স্ত্রী রিনিকির বিরুদ্ধে তিনটি পাসপোর্ট রাখার অভিযোগ তুলেছিলেন পবন। ঘটনাচক্রে, তার পরেই হল এই তল্লাশি অভিযান। মঙ্গলবার শেষ দিনের প্রচারে শামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বিজেপি সভাপতি নিতিন নবীন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর পর ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনের সবক’টিতে এবং পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের ১৫২টিতে ভোটগ্রহণ হবে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। গত ১৬ মার্চ নির্বাচন কমিশন পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গে গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচনেরও নির্ঘণ্ট ঘোষণা করেছিল। এর মধ্যে গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল)। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে, পাঁচ বিধানসভার সঙ্গে।