Advertisement
E-Paper

নাগপুরে আরএসএসের সদর দফতরের কাছে উদ্ধার বিস্ফোরক! মিলল কার্তুজ- ডিটোনেটর, জারি সতর্কতা

ওই বাড়ি থেকে পাওয়া গিয়েছে জিলেটিন স্টিক, ৫৮টি ডিটোনেটর, বেশ কয়েকটি কানেক্টর এবং ১৫টি তাজা কার্তুজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:৩৫
Huge quantity of explosives recovered near RSS headquarters in Nagpur

নাগপুরে সঙ্ঘের সদর দফতরের বাইরে নিরাপত্তায় জোর। ছবি: পিটিআই।

নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদর দফতরের কাছে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। কেন ওই বাড়িতে এত বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল, তা স্পষ্ট নয়। বিস্ফোরক উদ্ধারের পরই নাগপুরে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে। বিভিন্ন দিকে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযানও।

জানা গিয়েছে, সঙ্ঘের সদর দফতর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। ওই বাড়ি থেকে পাওয়া গিয়েছে জিলেটিন স্টিক, ৫৮টি ডিটোনেটর, বেশ কয়েকটি কানেক্টর এবং ১৫টি তাজা কার্তুজ। এত বিস্ফোরক কোথা থেকে এল, তা বুঝতে পারছেন না বাড়ির মালিকও।

বিষয়টি বাড়ির মালিক চিকিৎসক উজ্জ্বল লানজেওয়ারেরই প্রথমে নজরে আসে। তিনি দেখেন বাড়ি সামনের বাগানে তিনটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগগুলি খুলতেই বেরিয়ে পড়ে বিস্ফোরক। তৎক্ষণাৎ তিনি খবর দেন পুলিশে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল। দ্রুত ঘিরে ফেলা হয় গোটা এলাকা। ওই বাড়িতে আরও কোথাও বিস্ফোরক লুকানো রয়েছে কি না, তার খোঁজ শুরু করেছে পুলিশ। আরএসএসের সদর দফতরের কাছে হওয়ায় এলাকাটি স্পর্শকাতর। নিরাপত্তাও জোরদার থাকে। কে বা কারা ওই বাড়িতে এত বিস্ফোরক মজুত করলেন, তা অনুসন্ধান চলছে।

Advertisement

দিন কয়েক আগেই চণ্ডীগড়ের একটি বিজেপি কার্যালয়ে গ্রেনে়ড হামলার ঘটনা ঘটেছিল। অভিযোগ, কয়েক জন দলীয় কার্যালয় চত্বরে একটি গ্রেনেড ছোড়েন। গ্রেনেড হামলার ফলে ওই কার্যালয়ের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। তার মধ্যেই সঙ্ঘের সদর দফতরের কাছে বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল।

Nagpur Explosive RSS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy