ভেজাল সার এবং জাল কীটনাশকের মাধ্যমে কৃষকদের শোষণ রুখতে নতুন কৃষি আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার এ কথা জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিবার ছত্তীসগঢ়ে এক দিনের সফরে এসে সেখানকার দুর্গ জেলার দু’টি গ্রামের কৃষকদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান মন্ত্রী। তিনি বলেন, “কৃষকদের কঠোর পরিশ্রম, তাঁদের ফসল এবং ভবিষ্যৎ কোনও অবস্থাতেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। নকল বীজ, ভেজাল সার এবং জাল কীটনাশকের মাধ্যমে কৃষকদের ক্ষতিসাধনকারী উপাদানগুলোর বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র দৃঢ় পদক্ষেপ করছে।"
আরও পড়ুন:
তিনি আরও জানান, কৃষকদের সঙ্গে যে বা যাঁরা নকল কৃষি সামগ্রী সরবরাহের সঙ্গে জড়িত, তাঁরা কেবল অর্থনৈতিক অপরাধই করছেন না, কৃষকদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছেন।
শিবরাজ জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের কল্যাণ এবং সার্বিক উন্নয়ন তাঁদের কাছে প্রথম প্রাধান্য। আর তা সফল করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।