পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসীর পুত্র রোহন চোকসীর বিরুদ্ধে এ বার চার্জশিট আনার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, তাঁকে ‘ফেরার’ ঘোষণা করা হতেও পারে। মোহুলের পুত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আঁটঘাট বেঁধেই নামতে চলেছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, বর্তমানে আমেরিকায় রয়েছেন রোহন। ২০১৮ থেকে আর্থিক প্রতারণা মামলার তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। এত দিন কোনও এফআইআর বা চার্জশিটে রাহুলের নাম উল্লেখ ছিল না। এর আগে রোহনের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ তুলেছিল ইডি। তবে সূত্রের খবর, সম্প্রতি যে প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে, তাতে আর্থিক প্রতারণার সঙ্গে রোহনের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি। দিল্লির আপিল ট্রাইবুনালের কাছে ইডি দাবি করেছিল, অর্থপাচারে সক্রিয় ভাবে জড়িত ছিলেন রোহন। তবে তাঁর নাম কোনও এফআইআর বা চার্জশিটে উল্লেখ ছিল না।
তদন্তকারী সূত্রে খবর, মেহুলের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রোহন। কয়েকটি সংস্থার আবার ডিরেক্টরও ছিলেন তিনি। অভিযোগ, এই সংস্থাগুলির আড়ালে অর্থপাচার করেছিলেন রোহনও। এ বার তাঁর নাম নাম চার্জশিটে যুক্ত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে চোকসীর বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ভারত ছেড়ে পালিয়ে যান চোকসী। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি। সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই তাঁর খোঁজ শুরু করে। তার মধ্যেই বেলজিয়ামে দেখা যায় চোকসীকে। বিষয়টি নজরে আসতেই ভারতীয় কেন্দ্রীয় সংস্থার তরফে যোগাযোগ করা হয় বেলজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে। তার পর ২০২৫ সালের ১৪ এপ্রিল বেলজিয়ামে গ্রেফতার হন চোকসী।