Advertisement
E-Paper

বিয়ে মিটতেই বিয়েবাড়িতে অনিমন্ত্রিত অতিথি, অনুষ্ঠানস্থল ঘুরে দেখল সিংহের দল! ভয়ে সিঁটিয়ে গেলেন সকলে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাতের জুনাগড়ে ওই বিয়ের আসর বসেছিল। ফুল, মালা দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। তাঁবু খাটানো হয়েছিল। চারদিকে ছিল আলোর রোশনাই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭
Video claims lions enter wedding venue in Gujarat’s Juangadh, netizens raises question on authenticity of video

বিয়েবাড়িতে সিংহ। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠান মিটতেই বিয়েবাড়িতে ঢুকে পড়ল অনিমন্ত্রিত অতিথির দল। আর তাদের দেখেই ভয়ে সিঁটিয়ে গেলেন উপস্থিত সকলে। কারণ, ওই অতিথিরা কোনও মানুষ না, একদল সিংহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাতের জুনাগড়ে ওই বিয়ের আসর বসেছিল। ফুল, মালা দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানস্থল। তাঁবু খাটানো হয়েছিল। চারদিকে ছিল আলোর রোশনাই। আত্মীয়দের কোলাহলে গমগম করছিল বিয়েবাড়ি। কিন্তু বিয়ের অনুষ্ঠান এবং খাওয়াদাওয়ার পর্ব মিটতেই ওই বিয়েবাড়ির কাছে চলে আসে একদল সিংহ। তাদের মধ্যে দু’জন অনুষ্ঠানস্থল ঘুরে দেখে। সিংহদের দেখে ভয় পেয়ে যান অতিথিরা। নিরাপদ দূরত্বে লুকিয়ে পড়েন তাঁরা। অন্য দিকে, দু’টি সিংহ অনুষ্ঠানস্থলে ঢুকে চারিদিক ঘুরে দেখে। এ পাশ-ও পাশ গিয়ে বিভিন্ন জিনিস শুঁকে দেখে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, শান্ত ভাবে বিয়েবাড়ি ঘুরে দেখার পর আবার জঙ্গলে ফিরে যায় সিংহের দল। সিংহগুলিকে কোনও আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়নি বলে খবর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জিস্ট.নিউজ়’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এখন সিংহেরাও বিয়েবাড়ির ভোজ খেতে আসছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘চারিদিকে যে ভাবে বন কেটে উজাড় হয়ে যাচ্ছে, তাতে এই পরিস্থিতি হওয়া স্বাভাবিক।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘এই ভিডিয়ো এআই বা কৃত্রিম মেধা দিয়ে তৈরি নয় তো? হলে আশ্চর্য হব না। আর না হলে বলব, এ রকম আশ্চর্যজনক ঘটনা আগে দেখিনি।’’

গুজরাতের জুনাগড় জেলা গির জঙ্গলের কাছে অবস্থিত। গির অরণ্য এশিয়াটিক সিংহের আবাসস্থল। তাই গিরের কাছাকাছি গ্রামে মাঝেমধ্যেই সিংহের দেখা মেলে।

Viral Video Gujarat Asiatic Lions
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy