Advertisement
E-Paper

‘আপ বিধায়কদের টাকার টোপ দিচ্ছে বিজেপি’! মন্তব্য করায় কেজরী, অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা

বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কদের ‘কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছিলেন কেজরী এবং অতিশী। সেই অভিযোগের বিরুদ্ধেই দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে মানহানির মামলা দায়ের করলেন বিজেপি নেতা প্রবীণশঙ্কর কপূর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৩:১২
Defamation case filed against Arvind Kejriwal, Atishi

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল এবং অতিশী মারলেনা।

আবগারি মামলায় জেলবন্দি অরবিন্দ কেজরীওয়ালের নাম জড়াল অন্য এক মামলায়। শুধু তিনি একা নন, তাঁর মন্ত্রিসভার সদস্য অতিশী মারলেনার নামেও মানহানির মামলা দায়ের হল আদালতে। বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কদের ‘কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছিলেন কেজরী এবং অতিশী। সেই অভিযোগের বিরুদ্ধেই দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে মানহানির মামলা দায়ের করলেন বিজেপি নেতা প্রবীণশঙ্কর কপূর।

পদ্মশিবিরের দাবি, কেজরী এবং তাঁর সঙ্গীরা মিথ্যা অভিযোগ তুলছেন। এতে নিচু তলার বিজেপি কর্মী-সমর্থকদের মনে বিরূপ প্রভাব পড়ছে। শুধু তা-ই নয়, সাধারণ জনগণের মধ্যে বিজেপি এবং তার কর্মীদের সুনাম নষ্ট করার চেষ্টায় এই সব ভুল কথা বলা হচ্ছে বলেও অভিযোগ। ম্যাজিস্ট্রেট বিষয়টি আগামী ৪ মে তালিকাভুক্ত করেছেন। শুনানির আগে ওই দিনই তিনি বিষয়টি শুনবেন।

কেজরীওয়ালের অভিযোগ ছিল, আপের বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত করছে বিজেপি। গত জানুয়ারি মাসে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের সাত বিধায়কের সঙ্গে গত কয়েক দিন ধরে যোগাযোগ করা হচ্ছে। আমাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা চলছে। ২১ বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি। আরও অনেকের সঙ্গে কথা বলেছে। দিল্লির আম আদমি পার্টির সরকার ফেলে দেওয়া চেষ্টা চলছে। সূত্র মারফত জানা গিয়েছে সাত জন বিধায়কের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সকলেই তা অস্বীকার করেছেন।”

কেজরীর আরও অভিযোগ ছিল, দল ছাড়ার মূল্য হিসাবে এক এক জন বিধায়ককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে বিজেপি। শুধু আপ প্রধান কেজরীই নন, তাঁর সরকারের মন্ত্রী অতিশীও একই অভিযোগ তোলেন। সাংবাদিক বৈঠকে অতিশী দাবি করেন, দিল্লিতে ‘অপারেশন লোটাস ২.০’ চেষ্টা করছে বিজেপি। গত বারের মতো এ বারও আপ বিধায়কদের কেনার চেষ্টা চালাচ্ছে তারা। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কেজরী এবং অতিশীর এই অভিযোগের পরই তাঁদের বিরুদ্ধে পুলিশে একটি অভিযোগ করেছিল বিজেপি। সেই মামলায় তদন্ত করছে দিল্লি পুলিশ। এ বার কেজরী এবং অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হল।

Arvind Kejriwal Atishi Marlena
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy