Advertisement
E-Paper

সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম, কাজের সময় বদল! মোদীর আর্জির পর জ্বালানি বাঁচাতে একগুচ্ছ পদক্ষেপ দিল্লিতে

জ্বালানির খরচ কমাতে এবং দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ কমাতে বৃহস্পতিবার একগুচ্ছ পদক্ষেপ করেছে দিল্লি সরকার। বলা হয়েছে, সরকারি কর্মচারীরা সপ্তাহে দু’দিন বাড়ি থেকে কাজ করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৪০
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম চালু করার সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সপ্তাহে দু’দিন করে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের রীতি চালু করল দিল্লি সরকার। জ্বালানির খরচ কমাতে কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে এই আর্জি জানিয়েছিলেন। করোনাকালের কথা স্মরণ করিয়ে ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’ শুরু করতে বলেছিলেন তিনি। সেই অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার তা ঘোষণা করা হল।

মূলত জ্বালানির খরচ কমাতে এবং দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ কমাতে বৃহস্পতিবার একগুচ্ছ পদক্ষেপ করেছে দিল্লি সরকার। বলা হয়েছে, দিল্লি সরকারের অধীন কর্মচারীরা সপ্তাহে দু’দিন বাড়ি থেকে কাজ করবেন। কোনও যানবাহন ব্যবহার করে তেল পুড়িয়ে তাঁদের অফিসে যেতে হবে না। এ ছাড়া, অফিসের ৫০ শতাংশ বৈঠক এ বার থেকে অনলাইনে হবে। ফলে বৈঠকে যোগ দেওয়ার তাগিদেও কর্মীদের অফিস যেতে হবে না। এতে যাতায়াতের জ্বালানি খরচ কমবে। দিল্লি সরকার এবং রাজধানী শহরের পুরসভা তাদের অফিসের সময় বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকলে একই সময়ে অফিসে গেলে রাস্তায় যানজট তৈরি হয়। ব্যস্ত সময়ে রাস্তাঘাটের সেই যানজটে বাড়তি জ্বালানি খরচ হয়। তা বন্ধ করতে চায় সরকার।

দফতর থেকে সরকারি আধিকারিকদের যে সমস্ত গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়, তার জ্বালানি খরচও কমাতে উদ্যোগী হয়েছে দিল্লি সরকার। ওই সমস্ত গাড়ির পেট্রলের বরাদ্দ কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এত দিন মাসে ২০০ লিটারের বেশি পেট্রল সরকারি গাড়ি থেকে খরচ করতে পারতেন না আধিকারিকেরা। এ বার সেই বরাদ্দ আরও কমল।

জ্বালানি নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য দিল্লি সরকার ‘মেট্রো দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, সপ্তাহে অন্তত এক দিন ‘গাড়ি বর্জন দিবস’ পালনের জন্য নাগরিকদের উৎসাহ দেবে সরকার। ওই দিন ব্যক্তিগত গাড়ি নিয়ে না বেরিয়ে গণপরিবহণ ব্যবহার করতে বলা হবে নাগরিকদের। আগামী ছ’মাস নতুন কোনও গাড়িও দিল্লি সরকার কিনবে না বলে ঘোষণা করেছে। দিল্লি সরকার জানিয়েছে, কর্মচারীদের গণপরিবহণ ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য সরকারি উদ্যোগে ৫৮টি বিশেষ বাস চালু করা হবে। শুধু সরকারি কর্মীরাই সেই বাসে উঠতে পারবেন।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং ভারতের উপর তার প্রভাবের কথা ব্যাখ্যা করে গত ১০ মে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কিছু আবেদন জানিয়েছিলেন। দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার বাঁচাতে পেট্রল-ডিজ়েলের ব্যবহার কমানোর অনুরোধ করেন তিনি। রান্নায় ভোজ্য তেল কম ব্যবহারেরও আর্জি জানান। সেই সঙ্গে অন্তত এক বছর সোনা কেনা বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন মোদী। পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই পণ্যগুলির জোগানের উপর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। সেই কারণেই দেশবাসীকে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো দিল্লি সরকার পদক্ষেপ করেছে।

Delhi Government Work from home Narendra Modi Rekha Gupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy