E-Paper

পরিবারতন্ত্রের ছায়া বিহারের মন্ত্রিসভায়

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় বিহারে প্রথমবার বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন সম্রাট চৌধরি। সম্রাট আগেই শপথ নিয়েছিলেন। আজ তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যরা পটনার গান্ধী ময়দানে শপথ নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:৩৭
নীতীশ কুমারের সঙ্গে পুত্র নিশান্ত কুমার।

নীতীশ কুমারের সঙ্গে পুত্র নিশান্ত কুমার। ছবি: পিটিআই।

বিজেপি নীতিগত ভাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে হলেও, বিহারে সম্রাট চৌধরির নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভার সম্প্রসারণে আজ শপথ নিলেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ায় বিহারে প্রথমবার বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন সম্রাট চৌধরি। সম্রাট আগেই শপথ নিয়েছিলেন। আজ তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যরা পটনার গান্ধী ময়দানে শপথ নিয়েছেন। বিহারে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের সাক্ষী হতে শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনেরা। হাজির ছিলেন বিজেপির অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। মোট ৩২ জন শপথ নিয়েছেন। শরিকি বাধ্যবাধকতার কারণে একমাত্র মুসলিম মুখ হিসেবে শপথ নেন জেডিইউ বিধায়ক মহম্মদ জমা খান। বিজেপি যেখানে মুসলিমদের প্রার্থী করা ছেড়ে দিয়েছে, সেখানে জেডিইউয়ের মুসলিম ভোটব্যাঙ্কের বাধ্যবাধকতার কারণেই মন্ত্রিসভায় কৈমূরের ওই বিধায়ককে নিতে বাধ্য হয়েছেন সম্রাট। যুব সমাজের কথা মাথায় রেখে প্রথমবার বিধায়ক হয়েছেন, এমন সাত জন তরুণ মুখকেও মন্ত্রী করা হয়েছে।

দিন কয়েক আগে দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্ট্যালিন এবং অসমের কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের পরাজয় দেখে বিজেপি দাবি করেছিল, দেশের মানুষ পরিবারতন্ত্রের রাজনীতিকে আর বরদাস্ত করতে রাজি নয়। কিন্তু আজ বিহারে যে মন্ত্রিসভা শপথ নিল, তাতে পরিবারতন্ত্রের রমরমা দেখা গিয়েছে। এক সঙ্গে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে আজ শপথ নিয়েছেন। এঁরা হলেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত, জগন্নাথ মিশ্রের পুত্র নীতীশ মিশ্র ও জিতনরাম মাজির ছেলে সন্তোষ কুমার সুমন। কেবল এঁরাই নয়, রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে শপথ নিয়েছেন সাংসদ উপেন্দ্র কুশওয়াহার ছেলে দীপক প্রকাশ। বিরোধী শিবিরের বক্তব্য, কেবল মন্ত্রীরাই নয়, খোদ মুখ্যমন্ত্রীও পরিবারতন্ত্রের ফসল। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির পিতা শকুনি চৌধরি এক সময়ে বিহারের মন্ত্রী ছিলেন। সম্রাটের মা-ও বিধায়ক ছিলেন। পরিবারতন্ত্রের প্রতীক হিসেবে ক্ষমতায় বসেন তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

NDA

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy