Advertisement
E-Paper

কেদারনাথ-বদরীনাথ মন্দিরে প্রবেশ নিষিদ্ধ হল অ-হিন্দুদের! এপ্রিল থেকেই নতুন নিয়ম, জানাল পরিচালন বোর্ড

প্রসঙ্গত, বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চলতি বছরে বদরীনাথ ধামের দরজা ২৩ এপ্রিল খোলার কথা। আর কেদারনাথ ধামের দরজা খুলবে ২২ এপ্রিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২২:৪৫
কেদারনাথ।

কেদারনাথ। ফাইল চিত্র।

পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উত্তরাখণ্ডের কেদারনাথ-বদরীনাথ মন্দিরে এ বার থেকে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারবেন। মন্দির পরিচালনের ভারপ্রাপ্ত বোর্ডের বৈঠকে অ-হিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব পাশ হয়েছে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে বুধবার জানানো হয়েছে, বোর্ডের সভাপতি হেমন্ত দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বদরীনাথ-কেদারনাথ টেম্পল কমিটির বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

দ্বিবেদী বুধবার বলেন, ‘‘আগামী মাসে তীর্থযাত্রার মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন নিয়মটি কার্যকর করা হবে। এই নিয়ম অনুযায়ী, অ-হিন্দুরা মন্দির প্রাঙ্গণ বা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না।’’ তাঁর দাবি, কেদার-বদরীর মন্দিরে অ-হিন্দুদের প্রবেশ সীমিত রাখার এই প্রথা আদি শঙ্করাচার্যের সময় থেকেই চলে আসছে। ভারতীয় সংবিধান ধর্মীয় স্থানগুলির পরিচালনার অধিকার সংশ্লিষ্ট বোর্ডের উপর ন্যস্ত করে জানিয়ে দ্বিবেদীর বলেন, ‘‘এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। বদরীনাথ ও কেদারনাথ পর্যটনকেন্দ্র নয়, বরং বিশ্বাসের কেন্দ্র। এগুলি বৈদিক আধ্যাত্মবাদের কেন্দ্র, যা আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় সংবিধানের ২৬ অনুচ্ছেদ প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়কে তাদের নিজস্ব ধর্মীয় বিষয় পরিচালনার অধিকার দেয়।’’

প্রসঙ্গত, বিজেপিশাসিত উত্তরাখণ্ডে চলতি বছরে বদরীনাথ ধামের দরজা ২৩ এপ্রিল খোলার কথা। আর কেদারনাথ ধামের দরজা খুলবে ২২ এপ্রিল। চারধাম যাত্রা শুরু হবে ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে। সে দিন গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দ্বারও খুলে দেওয়া হবে এ মরসুমের জন্য। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, শতাব্দীপ্রাচীন কেদারনাথ-বদরীনাথ মন্দির-সহ মোট ৪৫টি মন্দিরের জন্য একই নিয়ম (অ-হিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা) জারি করা হবে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি চেয়ারম্যান সুরেশ সেমওয়াল জানুয়ারি মাসে অ-হিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির উদ্যোগের কথা ঘোষণা করে বলেছিলেন, ‘‘উত্তরাখণ্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই মন্দিরগুলিতে শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অনুমতি ছিল। অ-বিজেপি সরকারের আমলে সেই ঐতিহ্য ম্লান হয়ে যেতে বসেছিল। তবে সম্পূর্ণ সম্মতিতে আবার পুরনো বিষয়টি নিশ্চিত করার জন্য পদক্ষেপ করা হবে।’’ শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল গঢ়বালের প্রাচীন তীর্থক্ষেত্র।

Uttarakhand Kedarnath
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy