দিল্লির বাঙালি মহল্লা হিসাবে পরিচিত চিত্তরঞ্জন পার্কে (সিআর পার্ক নামে যা পরিচিত) দুষ্কৃতীদের দাপট ক্রমশই বাড়ছে। এ বার সেখানে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটল। হামলায় গুরুতর জখম হয়েছেন নিহতদের এক আত্মীয়। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতেরা হলেন রাকেশ সুদ (৬২) এবং তাঁর পুত্র করণ সুদ (২৭)। হামলায় গুরুতর আহত হন করণের খুড়তুতো ভাই রাহুল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ দিল্লির সিআর পার্ক এলাকার একটি আবাসনে ওই বেসরকারি হাসপাতালে ছুরিকাহত তিন জনকে ভর্তি করান তাঁদের পরিজনেরা। সেখান থেকেই খবর পায় পুলিশ। শনিবার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, রাকেশ এবং করণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত রাহুলের চিকিৎসা দ্রুত শুরু হয়।’’
আরও পড়ুন:
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিক তদন্তের পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত আসাদকে। তিনি ওই আবাসনেরই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, পূর্ববর্তী বিবাদের জেরেই এই হামলার ঘটনা। আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘অলকনন্দার তারা অ্যাপার্টমেন্টস দক্ষিণ দিল্লির সবচেয়ে নিরাপদ আবাসিক এলাকা হওয়ার কথা ছিল। প্রয়াত শ্রীমতী সুষমা স্বরাজ এবং বহু সাংসদ সেখানে বহু বছর বসবাস করেছেন। সেখানে এই জোড়া খুন দিল্লির আইন-শৃঙ্খলার অবনতির কথাই প্রমাণ করল।’’