পুণের হোটেলে আগুন। মঙ্গলবার সকালে পুণের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে আগুন লেগে যায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, হোটেলের চার তলায় আগুন লেগেছে। সেখানকার জানলা, দরজা এবং দেওয়াল কাচের তৈরি হওয়ায় ধোঁয়ার আধিক্য রয়েছে বলে খবর। কাচের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোনোর পথ পাচ্ছে না। ফলে ভিতরে ধোঁয়া জমে বিপদ বাড়ছে বলে আশঙ্কা। দমকলকর্মীরা কাচ ভেঙে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন:
Big fire in #Pune hotel. pic.twitter.com/5z3nN4Itat
— Vivek Gupta (@imvivekgupta) November 1, 2022
জেকে হোটেলের ওই বাড়িটিতে একাধিক অফিস এবং দোকান রয়েছে। আগুনের ফলে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা-ও দেখছেন দমকল কর্মীরা।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই হোটেলের কিছু কর্মী রাতে সেখানেই ঘুমোন। তাঁরা ভিতরেই আটকে পড়েছেন কি না, বোঝার চেষ্টা করছে পুলিশ এবং দমকল। তবে মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা-ও স্পষ্ট করে জানা যায়নি।