Advertisement
E-Paper

তাপপ্রবাহে তেলঙ্গানার সাত জেলায় মৃত্যু ১৬ জনের! রাজ্যের ১৬ জেলায় ৪৬ ডিগ্রি ছাড়াল তাপমাত্রা, সতর্কতা জারি

মে মাস শুরু হতেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। দেশের উত্তর, উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:২৫
গরমে পুড়ছে তেলঙ্গানা।

গরমে পুড়ছে তেলঙ্গানা। —ফাইল চিত্র।

গরমে পুড়ছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। উত্তর থেকে পূর্ব— বিস্তীর্ণ অঞ্চল তাপপ্রবাহের কবলে। সেই তালিকায় রয়েছে তেলঙ্গানাও। গরমের মরসুমে রাজ্যে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তেলঙ্গানা ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটি (টিজিডিপিএস)-র তথ্য বলছে, রাজ্যের ১৬টি জেলা তাপপ্রবাহের কবলে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ৪৬ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি বদলানোর কোনও সম্ভাবনা নেই। আগামী দু’তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে।

প্রসঙ্গত, বিশ্বের যে ৫০টি তপ্ত শহরের তালিকা প্রকাশিত হয়েছিল শুক্রবার, সেই তালিকায় তেলঙ্গানার বেশ কয়েকটি শহর ছিল। রাজ্য প্রশাসন জানিয়েছে, সাতটি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। চার জনের মৃত্যু হয়েছে জয়শঙ্কর ভূপালপল্লি জেলায়। তিন জন করে মারা গিয়েছেন ওয়ারাঙ্গল আর্বান, করিমনগর এবং নিজ়ামাবাদে। সূর্যপেট, জগুলাম্বা গঢ়়ওয়াল, রঙ্গারেড্ডি জেলায় এক জন করে মারা গিয়েছেন। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছে রাজ্য সরকার।

রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, তেলঙ্গানার ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কুমারম ভীম আসিফাবাদ জেলার সিরপুরে। সেখানে তাপমাত্রা ৪৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তার পরেই রয়েছে জগতিয়ালের ধর্মপুরী, করিমনগরের গঙ্গাধারা, মানচেরিয়ালের কাসিপেট, নিজ়ামাবাদের ইয়েরগাটলা, পেড্ডাপল্লির কামানপুর, রাজন্না সিরসিলার কোনারাওপেটা, সূর্যপেটের মোথে। ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে হনুমানকোন্ডার কামালপুরে, জয়শঙ্কর ভূপালপল্লির মোগুলাপল্লি, খাম্মামের খাম্মাম, মুলুগু জেলার এটুরুনগরম, নির্মলের খানাপুর। মহবুবানগরের থোরুরে ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস। এই তালিকায় রয়েছে সিদ্দিপেটের কোহেড়া, ওয়ারাঙ্গলের পর্বতগিরি। জনগাঁওয়ের চিলপুরে ৪৫.৮, আদিলাবাদের ইন্দ্রভ্যালিতে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

মে মাস শুরু হতেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। দেশের উত্তর, উত্তর-পশ্চিম থেকে মধ্য এবং পূর্বের বিস্তীর্ণ অঞ্চল গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহের কবলে। কোথাও কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। শুধু দিল্লি কিংবা উত্তরপ্রদেশই নয়, গরমে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলঙ্গানা, রাজস্থান-সহ বিস্তীর্ণ অঞ্চল। দিনের তাপমাত্রা যেমন ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে, তেমন রাতের তাপমাত্রাতেও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে।

Heatwave
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy