Advertisement
E-Paper

ভারতে ‘সংখ্যালঘুদের ধর্মীয়স্থানে আঘাত নিয়ে উদ্বিগ্ন’ পাকিস্তানি প্রেসিডেন্ট! এক্তিয়ার মনে করাল বিদেশ মন্ত্রক

পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ বলেছে বিদেশ মন্ত্রক। দ্ব্যর্থহীন ভাবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যের অধিকার নেই ইসলামাবাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১০:৫৮
(বাঁ দিকে) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ডান দিকে)।

(বাঁ দিকে) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারতে সংখ্যালঘুদের ধর্মীয়স্থানে আঘাত হানা হচ্ছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। তার পাল্টা জবাব দিল নয়াদিল্লিও। পাকিস্তানকে তাদের এক্তিয়ার মনে করিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।

জ়ারদারি দাবি করেছিলেন, বারাণসীর হাজার বছরের পুরনো গঞ্জ শাহিদা মসজিদ-সহ বিভিন্ন ঐতিহাসিক মুসলিম ধর্মীয়স্থান ভারতে হুমকির মুখে পড়েছে। সেগুলি ভেঙে ফেলা হচ্ছে। এ ভাবে চলতে থাকলে দেশে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও দাবি করেছিলেন তিনি। পাক প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা হয়েছে নানা মহলে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কেন তিনি মন্তব্য করেছেন, তাঁর বক্তব্যের সত্যতাই বা কতটা, প্রশ্ন উঠেছে। শনিবার রাতে এ বিষয়ে বিবৃতি দেয় দিল্লি।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘পাকিস্তানের প্রেসিডেন্টের অযৌক্তিক মন্তব্য দ্ব্যর্থহীন ভাবে প্রত্যাখ্যান করছে ভারত। এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার অধিকার বা এক্তিয়ার তাঁর নেই।’’ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে পাকিস্তানকে তাদের নজির মনে করিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মানবাধিকার রক্ষায় পাকিস্তানের রেকর্ড শোচনীয় এবং বিশ্ব জুড়ে সমালোচিত। পাক প্রেসিডেন্টের মন্তব্য তাই আরও অযৌক্তিক ঠেকছে। পাকিস্তানে বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের সুপরিকল্পিত ভাবে নিশানা করা হয়। তাঁদের উপর অত্যাচার হয়। এ ক্ষেত্রে পাকিস্তানের ইতিহাস কুখ্যাত।’’

পাক প্রেসিডেন্টের মন্তব্যকে ‘সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ বলে উল্লেখ করেছে বিদেশ মন্ত্রক। বলা হয়েছে, ‘‘এটি পাক সরকারের গোঁড়ামি ও বিদ্বেষপূর্ণ জাতীয় নীতির বহিঃপ্রকাশ।’’

ঠিক কী বলেছিলেন জ়ারদারি?

শনিবার সকালে তাঁর দফতর থেকে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘বারাণসীতে হাজার বছরের পুরনো গঞ্জ শাহিদা মসজিদ-সহ ভারতের ঐতিহাসিক মুসলিম ধর্মীয়স্থানগুলি ভেঙে ফেলা, সেগুলির উপর হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। ভারতকে তিনি এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করতে বলেছেন। সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপে দেশে ভাঙন দেখা দিতে পারে, দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হতে পারে। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষিত করার আহ্বানও জানিয়েছেন পাক প্রেসিডেন্ট।’’ এর পরেই রাতে জবাব দেয় নয়াদিল্লি।

Asif Ali Zardari India Pakistan S jaishankar Randhir Jaiswal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy