E-Paper

সম্পর্ক শোধরানোর বার্তা দিতে চিনে রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৫:৩৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলার জেরে টালমাটাল হয়ে রয়েছে ভূকৌশলগত পরিস্থিতি। এই অত্যন্ত স্পর্শকাতর সময়ে চিনের সঙ্গে সম্পর্কে নতুন করে যত্নবান হওয়ার ইঙ্গিত দিল সেবা তীর্থ (সাউথ ব্লক)। প্রবীণ এবং অত্যন্ত কঠিন দায়িত্ব সামলানো অভিজ্ঞ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী-কে বেজিংয়ের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিল ভারত। এই মুহূর্তে বিক্রম ব্রিটেনে ভারতের হাই কমিশনার পদে নিযুক্ত। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জানা গিয়েছে, দ্রুতই বেজিংয়ের বিমান ধরছেন তিনি।

প্রদীপ রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন বিক্রম দোরাইস্বামী। পূর্ব লাদাখে চার বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা এবং দীর্ঘ সামরিক অচলাবস্থার সময়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রদীপ রাওয়াত। এখনও দু’দেশের মধ্যে শৈত্য কমেছে, এমনটা নয়। ফলে বিক্রমের সামনে থাকছে চ্যালেঞ্জ।

১৯৯২ ব্যাচের অফিসার বিক্রম দোরাইস্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন। দিল্লিতে থাকাকালীন সার্ক এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় বিভাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে ছিলেন। তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হল, চিন-সম্পর্কিত অভিজ্ঞতা। কর্মজীবনের শুরুতেই হংকংয়ে ছিলেন ও সেখানে মান্দারিনও শিখেছিলেন। পরে বেজিং-এ ভারতীয় দূতাবাসে চার বছর কাজ করেছেন বিক্রম, যে কারণে চিন সংক্রান্ত কূটনীতিতে বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকার অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বাংলাদেশে (২০২০–২০২২) ভারতের হাইকমিশনার ছিলেন। ঢাকায় তাঁর কার্যকালে, শেখ হাসিনার সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বজায় রাখতে তাঁর ভূমিকা ছিল। দক্ষিণ কোরিয়া ও উজ়বেকিস্তান-এ রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন বিক্রম।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Beijing Delhi

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy