Advertisement
E-Paper

‘আর কিছু যায় আসে না’! নিখোঁজ হওয়ার আগে আমেরিকায় মৃত ভারতীয় পড়ুয়ার শেষ কথা রুমমেটকে

সমাজমাধ্যমের পোস্টে বনিত লিখেছেন, দু’সপ্তাহ আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তার পরেই সাকেত কম খেতে শুরু করেছিল। নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৯
(বাঁ দিকে) সাকেত শ্রীনিবাসাইয়া। বনিত সিংহ (ডান দিকে)।

(বাঁ দিকে) সাকেত শ্রীনিবাসাইয়া। বনিত সিংহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নিখোঁজ হওয়ার আগে বদলে গিয়েছিলেন সাকেত শ্রীনিবাসাইয়া। কমিয়ে দিয়েছিলেন খাওয়াদাওয়া। কথাবার্তাতেও এসেছিল পরিবর্তন। এমনটাই দাবি করলেন আমেরিকায় তাঁর রুমমেট বনিত সিংহ। ছ’দিন নিখোঁজ থাকার পরে শনিবার দুপুরে (স্থানীয় সময়) ক্যালিফর্নিয়ার লেক আনজ়া থেকে উদ্ধার হয় সাকেতের দেহ। বনিত সমাজমাধ্যমে দাবি করেছেন, আত্মঘাতী হয়েছেন সাকেত।

ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছিলেন সাকেত। কর্নাটক থেকে সেখানে পড়তে গিয়েছিলেন। মাদ্রাজ আইআইটির প্রাক্তনী ছিলেন সাকেত। গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ তিনি। রুমমেট বনিত সমাজমাধ্যমে লিখেছেন, ‘বার্কলেতে আমার রুমমেট সাকেত শ্রীনিবাসের দেহ মিলেছে লেক আনজ়া থেকে। তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটাই বলছে পুলিশ সূত্র। সকলে আমরা স্তম্ভিত।’ তিনি জানিয়েছেন, সাকেতের পরিবারকে দেশ থেকে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

বনিতের দাবি, নিখোঁজ হওয়ার আগে অনেকটাই বদলে গিয়েছিলেন সাকেত। তাঁর ব্যবহারে পরিবর্তন লক্ষ করেছিলেন তিনি। সমাজমাধ্যমের পোস্টে বনিত লিখেছেন, ‘দু’সপ্তাহ আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তার পরেই ও কম খেতে শুরু করেছিল। নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিল। শুধু চিপস আর কুকিস খেত।’ তিনি জানান, গত ২১ জানুয়ারি তাঁকে লেক আনজ়ায় নিয়ে যেতে চেয়েছিলেন সাকেত। তখন যেতে চাননি বনিত। তাঁর কথায়, ‘‘তখন জানতামও না যে, ওই লেকেই আত্মহত্যা করবে সাকেত!’

সাকেতের সঙ্গে শেষ কথোপকথন এখনও স্পষ্ট মনে রয়েছে বনিতের। তিনি জানান, কলেজ থেকে একটা লাল স্নানের পোশাক পরে ফিরেছিলেন তিনি। তার পরেই বনিত জিজ্ঞেস করেছিলেন, ‘‘এটা পরে তুমি কলেজ গিয়েছো কেন?’’ জবাবে সাকেত বলেছিলেন, ‘‘আমি কাউকে পাত্তা দেওয়া ছেড়ে দিয়েছি। আমার শীত করছে। কে কী ভাবল, কিছু যায় আসে না। আমার কিছুতে আর কিছু যায় আসে না।’’ বনিত নিজের পোস্টে লিখেছেন, তখন রুমমেটের কথা শুনে হেসেছিলেন তিনি। কিন্তু এখন বুঝতে পারছেন, মানসিক স্বাস্থ্য কতটা ভেঙে পড়েছিল সাকেতের। আর তা থেকেই ওই পরিণতির দিকে সাকেত নিজেকে ঠেলে দিয়েছিলেন, এমনটাই ধারণা বনিতের।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy