ঝাড়খণ্ড হাই কোর্টের এক মহিলা আইনজীবী পুত্র এবং কন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুত্রের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে আইনজীবী এবং তাঁর চোদ্দো বছরের কন্যাকে। রাঁচীর অশোক নগরে আইনজীবীর বাড়ি। সেখান থেকে তিন জনকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মিহির। তিনি কলকাতায় থাকতেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সম্প্রতি রাঁচীর বাড়িতে আসেন। মিহিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মিহিরের মা স্নেহা আখৌরি ঝাড়খণ্ড হাই কোর্টের আইনজীবী। পুলিশের সন্দেহ, স্নেহা এবং তাঁর কন্যা বিষাক্ত কিছু খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে রাঁচীর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্নেহার পুত্র মিহির কলকাতায় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি তিনি রাঁচীতে ফিরেছিলেন। একটি সংস্থায় ভাল চাকরিও পেয়েছিলেন মিহির। প্রতিবেশীরা জানিয়েছেন, আখৌরি পরিবারের সঙ্গে সকলের সুসম্পর্ক ছিল। কখনওই দেখে মনে হয়নি, পরিবারের অন্দরে কিছু একটা চলছে। কারণ তাঁদের কারও মধ্যে কোনও রকম অস্বাভাবিকতা ধরা পড়েনি। কেন আত্মহত্যার চেষ্টা করতে গেলেন আইনজীবী, তা ভেবে পাচ্ছেন না পড়শিরা। তবে কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, আইনজীবী এবং তাঁর কন্যার শারীরিক অবস্থার একটু উন্নতি হলেই তাঁদের বয়ান নেওয়া হবে।