কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যের বিতর্ক পিছু ছাড়ছে না মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রীর। শনিবার ফের ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মন্ত্রী বিজয় শাহ। মন্ত্রীর দাবি, কাউকে অপমান করার জন্য তিনি ওই মন্তব্য করেননি। ‘দেশপ্রেমের উত্তেজনা’র বশেই ওই মন্তব্য করেছেন।
অপারেশন সিঁদুরের সময়ে ভারতের সামরিক অভিযানের খুঁটিনাটি তথ্য দেশবাসীর কাছে তুলে ধরার দায়িত্বে ছিলেন কর্নেল সোফিয়া। তাঁর সঙ্গে ছিলেন বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহও। সিঁদুর অভিযান পরবর্তী সময়ে মধ্যপ্রদেশের মন্ত্রীর এক মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। পাকিস্তানকে নিশানা করতে গিয়ে কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করেন তিনি। ওই বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। আদালতের বার বার তিরষ্কারের মুখে পড়েন মন্ত্রী বিজয়।
কর্নেল সোফিয়াকে কুমন্তব্যের বিতর্কে আগেও বেশ কয়েক বার ক্ষমা চেয়েছেন মন্ত্রী। কিন্তু ওই বিতর্ক মন্ত্রীর পিছু ছাড়েনি। শনিবার ফের ওই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। বিজয় বলেন, “আমি এর আগেও বহুবার এ কথা বলেছি। আজ আবার বলছি। কোনও মহিলা আধিকারিককে বা ভারতীয় সেনাকে বা সমাজের কোনও শ্রেণির মানুষকেই অপমান করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।” মন্ত্রীর দাবি, তাঁর কথাগুলির সঙ্গে তাঁর অনুভূতির কোনও মিল ছিল না। ‘দেশপ্রেমের উত্তেজনা ও আবেগের’ বশেই তিনি ওই কথাগুলি বলে ফেলেছেন বলে দাবি মন্ত্রীর। বিজয়ের কথায়, “যে ভুলটি হয়েছে, তার নেপথ্যের উদ্দেশ্যও দেখা উচিত। আপনারা সকলেই জানেন যে আমার কোনও বিদ্বেষমূলক আচরণ ছিল না।”
আরও পড়ুন:
মন্ত্রীর দাবি, তিনি কোন প্রেক্ষপটে ওই মন্তব্য করেছেন, সেই সময়ে তাঁর অনুভূতি কী ছিল— সেটিও বিবেচনা করে দেখা উচিত। একই সঙ্গে বিজয় জানান, রাজনীতিকদের কথা বলার সময়ে শালীনতা এবং সংবেদনশীলতা বজায় রাখা দরকার। তিনি বলেন, “আমি আত্মবিশ্লেষণ করেছি এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। আমি আমার দায়িত্ব স্বীকার করছি। ভবিষ্যতে আমি আমার কথার ওপর নিয়ন্ত্রণ রাখব এবং এমন ভুল আর হবে না।”