Advertisement
E-Paper

‘ভগবান ক্ষমা করবেন না’, সিসৌদিয়ার গ্রেফতারি নিয়ে মোদীর দিকেই আঙুল তুলছে আপ

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দুষল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। পাল্টা সরব হয়েছে বিজেপিও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৪
photo of Manish Sisodia

মণীশ সিসৌদিয়ার গ্রেফতারি নিয়ে বিজেপিকে নিশানা করল আপ। ফাইল চিত্র।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল আম আদমি পার্টি। বলেছে, ‘‘এই গ্রেফতারি প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্রের চরম নিদর্শন।’’ যদিও এ নিয়ে আপকে পাল্টা বিঁধেছে বিজেপি। দিল্লিতে আবগারি দুর্নীতিকাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রবিবার সিসৌদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই।

এই দুর্নীতিকাণ্ডে গত বছর জন্মাষ্টমীর দিন সিসৌদিয়ার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর একটি ব্যাঙ্কে তাঁর লকারেও তল্লাশি চালানো হয়। যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দিল্লি সরকারের সংঘাত তুঙ্গে ওঠে। ‘প্রতিহিংসার রাজনীতি’-র কারণেই এমনটা করা হচ্ছে বলে সরব হয় আপ। সম্প্রতি দিল্লির মেয়র নির্বাচন ঘিরে আপ বনাম বিজেপি সংঘাতের ছবি প্রকাশ্যে এসেছে। তার পর পরই সিসৌদিয়ার গ্রেফতারিতে এই সংঘাতের আঁচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আবগারি দুর্নীতি মামলায় রবিবার সিসৌদিয়াকে তলব করা হয়েছিল। সিবিআই দফতরে যাওয়ার আগে টুইটারে সিসৌদিয়া লিখেছিলেন, ‘‘তদন্তে পূর্ণ সহযোগিতা করব। লক্ষ লক্ষ শিশু এবং দেশের কোটি কোটি মানুষের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। যদি কয়েক মাস জেলেও থাকতে হয়, তাতে কিছু যায় আসে না। আমি ভগৎ সিংহের অনুগামী। যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। মিথ্যা অভিযোগে জেলে যাওয়া সেদিক থেকে খুবই সামান্য বিষয়।’’

সিসৌদিয়ার গ্রেফতারির পর পরই বিজেপিকে নিশানা করেছে আপ। টুইটারে আপের তরফে লেখা হয়েছে, ‘‘গণতন্ত্রের জন্য কালো দিন। একটি ভুয়ো মামলায় বিশ্বের সেরা শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে বিজেপির সিবিআই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই গ্রেফতারি করা হয়েছে।’’ দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়া শিক্ষা মন্ত্রক সামলান। সেই সঙ্গে অর্থ মন্ত্রকের দায়িত্বও তাঁর কাঁধে রয়েছে।

গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিংহ। টুইটারে তিনি লিখেছেন, ‘‘মণীশ সিসৌদিয়ার গ্রেফতারি একনায়কতন্ত্রের চরম নিদর্শন। এক জন ভাল মানুষকে গ্রেফতার করে ভাল করেননি। সেরা শিক্ষামন্ত্রী তিনি। ভগবানও আপনাকে ক্ষমা করবেন না। এক দিন আপনার এই একনায়কতন্ত্র খতম হবে।’’ আপ বিধায়ক অতিশি বলছেন, ‘‘আপের জনপ্রিয়তা যে ভাবে বাড়ছে, সে কারণেই ভয় পেয়েছে বিজেপি। তাই এই গ্রেফতারি। আপকে শেষ করতে চাইছে বিজেপি।’’ আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের অভিযোগ, ‘‘সিবিআই পুরোপুরি কেন্দ্রের অঙ্গুলিহেলনে কাজ করছে। আমরা জানতাম সিসৌদিয়াকে গ্রেফতার করা হবে।’’

আপের নেতাদের পাল্টা মুখ খুলেছেন বিজেপির মনজিন্দর সিংহ সিরসা। সিবিআইকে ‘অপব্যবহার’ করার অভিযোগ উড়িয়েছেন তিনি। এনডিটিভিকে তিনি বলেছেন, ‘‘উনি শিক্ষাক্ষেত্রে কাজ করে থাকতে পারেন। তার মানে এই নয় যে, তিনি আবগারি দুর্নীতিতে যুক্ত নন।’’

Manish Sisodia CBI Liquor AAP BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy