E-Paper

নিশানায় পাকিস্তান, সুর বদল রাজনাথের

গত ২৮ তারিখে বিশকেকে এসসিও গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে রাজনাথ ‘সন্ত্রাসের কোনও দেশ হয় না’ বলে মন্তব্য করায় সরকারের সমালোচনায় মুখর হয়েছিল বিরোধী শিবির।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৯:২৭
রাজনাথ সিংহ।

রাজনাথ সিংহ। —ফাইল চিত্র।

কিরঘিজ়স্তানের রাজধানী বিশকেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের করা মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হওয়ার ৪৮ ঘণ্টার পেরোনোর আগেই তাতে জল ঢালতে সক্রিয় হল মোদী সরকার। এবং সেই কাজটিও করানো হল খোদ রাজনাথকে দিয়েই। গত ২৮ তারিখে বিশকেকে এসসিও গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে রাজনাথ ‘সন্ত্রাসের কোনও দেশ হয় না’ বলে মন্তব্য করায় সরকারের সমালোচনায় মুখর হয়েছিল বিরোধী শিবির। তবে আজ নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা সম্মেলনে নিজের বক্তৃতায় প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি তাঁর বক্তব্য, ভারত নিজের শর্তে ‘অপারেশন সিঁদুর’ বন্ধ রেখেছে। প্রয়োজনে দীর্ঘমেয়াদে পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যেতে পারে।

রাজনাথের কথায়, ‘‘অভিযান চলাকালীন আমরা অত্যন্ত নিখুঁত ভাবে শুধু তাদের নিশানা করেছিলাম, যারা আমাদের উপর হামলা চালিয়েছিল। আমাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল বা কমে যাচ্ছিল— এমন কোনও কারণে আমরা সংঘর্ষ-বিরতি করিনি। সম্পূর্ণ নিজেদের শর্তে অভিযান স্থগিত করেছিলাম।’’ দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার জন্য ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল বলে দাবি করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘আকস্মিক সঙ্কটের মুহূর্তে যত দ্রুত সম্ভব ক্ষমতা বহু গুণ বাড়িয়ে তোলার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি এবং সহজাত সামর্থ্য আমাদের রয়েছে।’’ প্রসঙ্গত, অন্তত একশো বার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে গিয়েছেন যে, তাঁর মধ্যস্থতায় ভারত-পাক সংঘর্ষ বন্ধ হয়েছে। আজ রাজনাথের মন্তব্য তারও জবাব বলে মনে করা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rajnath Singh Modi Government Controversy India-Pakistan

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy