ওসলোয় আজ ভারত নর্ডিক তৃতীয় সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, জঙ্গি দমনের ক্ষেত্রে কোনও ‘দ্বিচারিতা বা আপস’ চলবে না। এ ব্যাপারে উত্তর ইউরোপের (নর্ডিক) দেশগুলির সঙ্গে তাঁর ঐকমত্যের কথাও জানান মোদী। সিদ্ধান্ত হয়েছে ভারত এবং নর্ডিক রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ককে ‘পরিবেশবান্ধব প্রযুক্তিগত এবং উদ্ভাবনমূলক কৌশলগত অংশীদারি’ পর্যায়ে উন্নীত করার। কথা হয়েছে দূষণহীন জ্বালানি, টেকসই উন্নয়ন, প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং অন্যান্য ক্ষেত্র নিয়ে। মোদীর কথায়, “আন্তর্জাতিক সংঘাত ও অনিশ্চয়তার মধ্যে ভারত এবং নর্ডিক রাষ্ট্রগুলি অবিরাম কাজ করে যাবে আইনের শাসন মেনে আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষার লক্ষ্যে।” ভারত-নর্ডিক অংশীদারিকে ‘সোনালি অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।
ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন জানুয়ারিতে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার কয়েক মাস পরে এবং আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে এবং সুইৎজ়ারল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারি চুক্তির পর এই সম্মেলনটি হল। কূটনৈতিক শিবিরের মতে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক আমদানির উপর শুল্ক এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ— সবই ভারতের অর্থনীতি এবং শক্তি সুরক্ষাকে প্রভাবিত করেছে। তাই বিকল্পের সন্ধানে দিল্লি পশ্চিমের অন্যান্য দেশের সঙ্গেই সম্পর্ক প্রসারিত করার চেষ্টা করছে।
নিজের এক্স-হ্যান্ডলে মোদী লেখেন, ‘নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্টোরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছি, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরওয়ের জনগণ, প্রধানমন্ত্রী এবং নরওয়ে সরকারকে তাদের আন্তরিকতা ও বন্ধুত্বের জন্য ধন্যবাদ’। দু’দিনের সফরে মোদী নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেন।
বিদেশ মন্ত্রকের বক্তব্য, নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ১৯ বিলিয়ন ডলার। আশা, ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে। এই সামিটের ফলগুলি এক্স-এ পোস্ট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)