বিজেপির জাতীয় সভাপতি হিসেবে নিতিন নবীন দায়িত্ব নিয়েছেন গত জানুয়ারিতে। তার পরে প্রায় তিন মাস কেটে গেলেও, চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের কারণে নিজের ‘টিম’ গড়তে পারেননি নিতিন। বিজেপি সূত্রের মতে, আগামী ৪ মে ভোটের ফল প্রকাশের পরেই নিজের ‘টিম’ গঠনে তৎপরতা বাড়াতে চলেছেন বিজেপি সভাপতি। সূত্রের দাবি, আগামী ১৫ মে-এর মধ্যে তিনি ওই কাজ সেরে ফেলতে চান।
বিজেপিতে নিয়ম হল, নতুন সভাপতি দায়িত্ব নিলে তিনি তাঁর মতো করে দল সাজিয়ে নেন, যাতে ভবিষ্যতে দল পরিচালনায় কোনও সমস্যা না হয়। বিজেপি সূত্রের মতে, ইতিমধ্যেই প্রাথমিক ভাবে গোটা দেশ থেকে পঞ্চাশ জন অপেক্ষাকৃত তরুণ নেতাকে চিহ্নিত করা হয়েছে। এই বাছাইয়ে মূলত তিনটি বিষয়কে মাথায় রাখা হয়েছে। প্রথমত, দলের কাজে সক্রিয়তা, নির্বাচন পরিচালনায় দক্ষতা ও নিজেদের এলাকায় ওই নেতার পরিচিতি। পাশাপাশি, নতুন মুখ বেছে নেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে নতুন দলে দেশের সব এলাকার প্রতিনিধিত্ব থাকে।
নতুন সভাপতি চাইলে দলের একেবারে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থেকে নিচুতলার পদাধিকারী পর্যন্ত পরিবর্তন হতে পারেন। সূত্রের মতে, এ যাত্রায় বেশ কিছু কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিবর্তন হতে চলেছে। বর্তমানে বিজেপি এবং আরএসএসের মধ্যে সমন্বয়ের দায়িত্ব রয়েছেন বি এল সন্তোষ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সন্তোষের ভূমিকা নিয়ে বিশেষ সন্তুষ্ট নয় উভয় শিবিরই। সূত্রের মতে, আসন্ন রদবদলে তাই কোপ পড়তে পারে তাঁর উপরে। তবে অভিজ্ঞতার কথা মাথায় রেখে কিছু বর্ষীয়ান নেতাকেও পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীল বনসল, বিনোদ তাওড়ের মতো সাধারণ সম্পাদকদের সম্ভবত নিজেদের পদে রেখে দেওয়া হবে। যাতে বর্ষীয়ান ও তরুণ নেতাদের মধ্যে সুষ্ঠু সমন্বয় গড়ে ওঠে। যদিও সূত্রের মতে, যে হেতু নিতিন নিজে অপেক্ষাকৃত কমবয়সি, তাই দলের তরুণ নেতাদের বেশি করে তাঁর ‘টিম’-এ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের মতে, অন্তত আগামী এক দশকের কথা মাথায় রেখে নতুন ওই ‘টিম’ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহিলা আসন সংরক্ষণ বিল পাশ করাতে সংসদে ধাক্কা খেয়েছে সরকার। কিন্তু নীতিগত ভাবে নিজের দলে মহিলাদের আরও বেশি করে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নিতিন। সূত্রের মতে, তাঁর ‘টিম’-এ অন্তত দু’ডজন মহিলা সদস্য জায়গা পেতে চলেছেন। যাঁদের একটি বড় অংশ গ্রামীণ ভারত, উত্তর-পূর্ব ও জনজাতি সমাজের প্রতিনিধি। এ ছাড়া দলের সঙ্গে সরকারের সমন্বয় যাতে সুষ্ঠু ভাবে হয়, সে জন্য বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীকেও নিজের ‘টিম’-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে নিতিনের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)