E-Paper

পাকিস্তানের তর্জন নিয়ে মোটেই ভাবিত নয় দিল্লি

আসিফের দাবি, ভারত মৃতদেহ সাজিয়ে রেখে সেগুলোকে পাকিস্তানি জঙ্গি হিসেবে প্রমাণ করার ছক কষছে। তবে বরাবরের মতোই এই বিস্ফোরক অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৪৭
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। —ফাইল চিত্র।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কড়া হুঁশিয়ারির চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এ বার তাঁর নিশানায় খোদ কলকাতা। শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ বলেন, ভারত যদি সাজানো হামলার নাটক করে, তবে পাকিস্তান যুদ্ধকে কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাবে।

আসিফের দাবি, ভারত মৃতদেহ সাজিয়ে রেখে সেগুলোকে পাকিস্তানি জঙ্গি হিসেবে প্রমাণ করার ছক কষছে। তবে বরাবরের মতোই এই বিস্ফোরক অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। পাশাপাশি এই প্রশ্নও উঠছে, কেন হঠাৎ কলকাতার নাম করতে গেলেন পাক মন্ত্রী? গোয়েন্দা সূত্র মনে করছে, এই নিয়ে বেশি গবেষণার প্রয়োজন নেই। নিষ্ফল এবং অসহায় হুমকি ছাড়া এটা কিছুই নয়। কলকাতার নাম করে পাক মন্ত্রী দাবি করতেচেয়েছেন তাঁদের ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই যে, কাশ্মীর-দিল্লি ছাড়িয়ে পূর্বেও হামলা করতে সক্ষম। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, এই দাবি নেহাতই কষ্টকল্পনা।

ওয়াকিবহাল মহলের বক্তব্য, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি শোচনীয়। এক দিকে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, অন্য দিকে সংযুক্ত আরব আমিরশাহির বিপুল ঋণ পরিশোধের চাপে তাদের অর্থনীতি খাদের কিনারায়। এর সঙ্গে যুক্ত হয়েছে বালোচিস্তান ও সিন্ধু প্রদেশের বিদ্রোহ এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষ। কূটনৈতিক মহলের বক্তব্য, এই চরম অরাজকতা এবং ব্যর্থতা থেকে আমজনতার নজর ঘোরাতেই ভারত-বিরোধী তাস খেলছেন খাজা আসিফ। যুদ্ধংদেহি মনোভাব দেখিয়ে দেশবাসীকে একজোট করার এই পুরনো কৌশল পাকিস্তান আগেও বহু বার ব্যবহার করেছে। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তান যদি প্ররোচনা দিতে থাকে, তবে ভারতীয় সেনার জবাব হবে আরও কঠোর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Khawaja Asif India-Pakistan Tension India-Pakistan Conflicts

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy