Advertisement
E-Paper

মোদীর বিমান ছাড়ল দিল্লি থেকে, আমেরিকায় নামবেন রাত দেড়টায়, তিন দিনের সফরে ঠাসা কর্মসূচি

মঙ্গলবার সকালে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বিমান উড়েছে দিল্লি বিমানবন্দর থেকে। তিনি ভারতীয় সময় রাত দেড়টায় ওয়াশিংটনে পৌঁছবেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৩ ০৭:৪৮
PM Narendra Modi leaves for 3-day US visit on Tuesday morning.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

তিন দিনের আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে তাঁর বিমান আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার (২১ জুন) রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাঁকে স্বাগত জানাবেন।

তিন দিনের সফরে আমেরিকায় মোদীর ঠাসা কর্মসূচি। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। যে বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে মোদীর সঙ্গে এই প্রথম বার দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

হোয়াইট হাউসে আলোচনার টেবিলে মোদী এবং বাইডেন কী কী বিষয় তুলে ধরতে চলেছেন, তা সাংবাদিকদের জানিয়েছেন বিদেশসচিব বিনয়মোহন কোয়াত্রা। তিনি জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ সংক্রান্ত কথাবার্তাও।

বৃহস্পতিবারের বৈঠকের পর আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। তার পর বাইডেন এবং তাঁর স্ত্রী জিল বাইডেনের সঙ্গে তাঁর নৈশভোজের আয়োজন করা হয়েছে। পরের দিন মোদীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আমেরিকা থেকে মিশরে যাবেন মোদী। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতহে আল-সিসি এ বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। তাঁর আমন্ত্রণে এই প্রথম মোদী মিশরে যাচ্ছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিশরে থাকবেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

PM Modi US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy