Advertisement
E-Paper

বিহারে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত ১৩! শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০০:৫২
বিহারের কাটিহারের কোধা ব্লকে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়।

বিহারের কাটিহারের কোধা ব্লকে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়। ছবি: পিটিআই।

বিহারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৩ জন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে। সেখানে কোধা ব্লকে ৩১ নম্বর জাতীয় সড়কে বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।

জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, পিক আপ ভ্যানের যাত্রীরা সকলেই কাটিহারের পার্শ্ববর্তী পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন। কাটিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের সকলকে পূর্ণিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানে ধাক্কা মারে। কাটিহারের পুলিশ সুপার আশুতোষ দ্বিবেদী জানান, নিহতদের মধ্যে বেশির ভাগই পূর্ণিয়ার বাসিন্দা। কাটিহারের তিন বাসিন্দারও মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আহতদেরও চিকিৎসার জন্যও ৫০ হাজার টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

Advertisement

বিহারের পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। তাঁর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কাটিহারের দুর্ঘটনা খুবই দুঃখজনক। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়ে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আহতদেরও ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

Road Accident Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy