আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার অযোধ্যার উন্নয়ন নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অযোধ্যাকে ভারত তথা বিশ্বের আধ্যাত্মিকতা ও পর্যটনের প্রধান কেন্দ্র হিসাবে কী ভাবে গড়ে তোলা হবে সেই নিয়েই আলোচনা হয়েছে।
যোগী ছাড়াও উত্তরপ্রদেশের দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও দীনেশ শর্মাও উপস্থিত ছিলেন বৈঠকে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, অযোধ্যাকে আধ্যাত্মিক কেন্দ্র, বিশ্ব জুড়ে পর্যটনের প্রধান কেন্দ্র ও স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বৈঠকে।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, সরযূ নদী ও তার ঘাটগুলির উন্নয়ন, রাস্তাঘাট, বিমানবন্দর, স্টেশন, হোটেল পরিষেবার উন্নতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘অযোধ্যাযর যেমন আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে তেমনই এটি একটি পর্যটন কেন্দ্র। তাই যাতে পর্যটক ও পুণ্যার্থী, দুই ধরনের মানুষই অযোধ্যায় আসতে পছন্দ করেন সেই পরিকল্পনা নিতে হবে আমাদের।’’
আগামী বছর বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সমাজবাদী পার্টি। তার মধ্যেই যোগীরাজ্যে বিজেপি-র অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে এসেছে। এই পরিস্থিতিতে অযোধ্যাকেই উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপি পাখির চোখ করতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। সেই জন্যই এই বৈঠক বলে মনে করছেন তাঁরা।